বিশ্বকাপে থাকছে ‘হাইড্রেশন ব্রেকস’

0
35

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া আগামী বছরের বিশ্বকাপে বেশ গরম পড়বে বলে ধারণা করা হচ্ছে। খেলোয়াড়দের সুস্থতাকে প্রাধান্য দিয়ে তাই নতুন নিয়ম চালু হচ্ছে এই আসরে। ফিফা ঘোষণা দিয়েছে, বিশ্বকাপের প্রতি ম্যাচের প্রত্যেক অর্ধে তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেকস’ থাকবে।

আবহাওয়া যেমনই থাক না কেন, প্রত্যেক ম্যাচে প্রতি অর্ধে ২২ মিনিট পর খেলা বন্ধ করে দিবেন রেফারি। মানে প্রতি ম্যাচ হবে চার অর্ধে! কোচ ও ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিফা বলছে, চলতি বছর ক্লাব বিশ্বকাপসহ আরও কিছু টুর্নামেন্টে ইতোমধ্যে এই ধরনের বিরতি দেওয়া হয়েছে। তবে তা কেবল গরমের ব্যাপকতার ভিত্তিতে। ক্লাব বিশ্বকাপের কিছু ম্যাচে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই এই বিরতি দেওয়া হয়েছিল।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ শেষে বেনফিকা ফরোয়ার্ড আন্দ্রেস শেলডারাপ বলেছিলেন, ‘আমার মনে হয় না, এত গরমের মধ্যে কখনো খেলেছি। আমার মনে হয় না, এটা স্বাস্থ্যকর। সত্যি কথা। কিন্তু আমি খেলা শেষ করতে পারলাম।’ চেলসির এনজো ফের্নান্দেজ বলেছিলেন, ‘একদিন তো আমার মাথা ঝিমঝিম করছিল, শুয়ে পড়েছিলাম। এত তাপের মধ্যে খেলা খুব বিপজ্জনক।’

তাদের এমন অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ফিফা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসরে ম্যাচের মধ্যে মোট ৬ মিনিটের বিরতি বাধ্যতামূলক করল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here