প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে গিয়ে মিছিল করায় মহিলা আওয়ামীলীগের সাত কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ধানমন্ডিতে ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একটি মিছিল বের করা হয়।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের মিছিলটি ধানমন্ডি এলাকা প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ৩২ নম্বরের উদ্দেশ্যে রওনা করে। এসময় পুলিশ মিছিলটি ঘিরে ফেলে মহিলা আওয়ামী লীগের ৭ নেতা-কর্মীকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন রুমা আজাদ, সাংগঠনিক সম্পাদক, মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ, সেতু রহমান সা. সম্পাদক লালবাগ থানা মহিলা আওয়ামী লীগ, মৌ তানজিলা সাংগঠনিক সম্পাদক, ঢাকা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ, সীমা ফেরদৌস ও স্বপ্না আক্তার, পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগ এবং আফরোজা ও মুনিয়া। পুলিশ এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মিছিলে ব্যবহার করা ফেস্টুন এবং আটককৃতদের বহনকারী চালকসহ একটি মাইক্রোবাসও জব্দ করেছে।




