বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নিউজিল্যান্ড

0
6

২০১০ সালের বিশ্বকাপে স্লোভাকিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে নাটকীয় এক গোলে ড্র করেছিল নিউজিল্যান্ড। টেলিভিশনের পর্দায় সেই দৃশ্য দেখে ফুটবলার হওয়ার স্বপ্ন বুনেছিলেন ৬ বছর বয়সী এক কিউই শিশু। দীর্ঘ ১৬ বছর পর এবার নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ফিন সুরম্যান। মাঠে নামার আগে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ডিফেন্ডার জানিয়েছেন, বিশ্বমঞ্চে এবার কিউইদের মূল্য লক্ষ্য প্রথম জয় তুলে নিয়ে নক আউট পর্বে পা রাখা।

বিশ্বকাপের ইতিহাসে এর আগে দুবার অংশ নিলেও এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি নিউজিল্যান্ড। এবার ‘গ্রুপ বি’ তে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর এবং ইরান।

গ্রুপটি কঠিন হলেও আত্মবিশ্বাসী সুরম্যান বলেন, ‘আমাদের গ্রুপে যারা আছে, তাদের প্রত্যেকেই অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ। হয়তো কাগজের কলমে কেউ কেউ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় নাম নয়, কিন্তু তাদের দলে অসাধারণ সব বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তবে আমাদের লক্ষ্য খুব পরিষ্কার- আমরা বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে প্রথম জয়টি পেতে চাই এবং গ্রুপ পর্বের বাধা টপকে পরের রাউন্ডে যেতে চাই। দল হিসেবে আমাদের সেই সামর্থ্য আছে।’

নিউজিল্যান্ডের অন্যান্য শিশুদের মতো সুরম্যানও ছোটবেলায় ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স, ভলিবল ও বাস্কেটবল খেলতেন। ১৪ বছর বয়সে অন্য সব খেলা ছেড়ে পুরোপুরি ফুটবলে মনোযোগ দেন তিনি। ২০২৩ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে নিউজিল্যান্ডের হয়ে খেলার অভিজ্ঞতা এবার মূল বিশ্বকাপে দারুণ কাজে দেবে বলে বিশ্বাস করেন পোর্টল্যান্ড টিম্বার্সের এই ডিফেন্ডার।

নিজের খেলার ধরণ নিয়ে সুরম্যান বলেন, ‘আমি এমন একজন ডিফেন্ডার যে রক্ষণভাগ সামলাতে সবচেয়ে বেশি ভালোবাসে। ট্যাকল জেতা, বল ক্লিয়ার করা বা প্রতিপক্ষের শট ব্লক করার মাঝেই আমার আনন্দ। এক কথায় বলতে পারেন আমি একজন ডিফেন্ডারস ডিফেন্ডার।’

আগামী জুনে ভ্যাঙ্কুভারের চেনা গ্যালারিতে কিউই সমর্থকদের উপস্থিতিতে নিউজিল্যান্ড ফুটবল তাদের দীর্ঘদিনের জয়খরা কাটাতে পারে কিনা, এখন সেটাই দেখা অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here