দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় মাস্টার্স ও ডিগ্রি পাস কোর্সের দুটি পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) এ দুটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল।
তবে পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ১৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ১১ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
অপর এক আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ১৬ জুলাই অনুষ্ঠিতব্য আবশ্যিক ইংরেজি (বিষয় কোড: ১২১১০১) পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই (শনিবার)। এ ছাড়া পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



