বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রস্তাবিত ক্রিকেট সিরিজটি পূর্বনির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব না হলেও সিরিজটি নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুদলের মধ্যকার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজটির জন্য নতুন দিনক্ষণ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
জনপ্রিয় ক্রীড়া প্ল্যাটফর্ম নট আউট নোমানের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ। সেখানে তামিম ইকবাল জানান, সিরিজটির বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক বিপিএল ফিক্সিং কাণ্ড এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।
সিরিজটি বাতিল হওয়া নিয়ে চলমান গুঞ্জন খারিজ করে বিসিবি সভাপতি বলেন, ‘সিরিজটি যে হবে না, তা এখনও সিদ্ধান্ত হয়নি। তবে একটা দ্রুত তথ্য জানিয়ে রাখি- উভয় বোর্ডই এটি বাস্তবায়নে খুবই আন্তরিক। বিসিসিআই এবং বিসিবি- দুই পক্ষই উপযুক্ত উইন্ডো খুঁজছে, কোন সময় কী করা যায়। আমরা মোটামুটি একটি সম্ভাব্য তারিখের কথা চিন্তা করছি। যদি বিসিসিআইয়ের ইচ্ছা নেতিবাচক দেখতাম, তবে আজ এ কথা বলতাম না। তাদের মনোভাব খুবই ইতিবাচক।’
তিনি আরও বলেন, ‘এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর বিসিবি সভাপতি হিসেবে আমি কখনও সেই সীমা অতিক্রম করতে চাই না। তবে আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। যেহেতু বাংলাদেশ ও ভারত- দুদলেরই টানা খেলা রয়েছে, তাই উপযুক্ত তারিখ বের করার কাজ চলছে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাম্প্রতিক বিতর্ক ও দুর্নীতি নিয়ে তামিম ইকবাল বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চার-পাঁচজনের নাম প্রকাশ করেছি। খুব শিগগিরই আরও চার থেকে পাঁচজন দুর্নীতিবাজের নাম সামনে আসবে। এখানে সততা ও ইন্টিগ্রিটির একটি বিষয় রয়েছে। আমাদের আইনজীবী বিষয়টি তদারকি করছেন। তারা সবুজ সংকেত দিলেই বিসিবির মাধ্যমে প্রেস রিলিজ দিয়ে নামগুলো প্রকাশ করা হবে।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করা এবং কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, ‘মোস্তাফিজের বিষয়টি নিয়ে পুরো দেশ হতাশ হয়েছিল এবং এটি কোনোভাবেই হওয়া উচিত হয়নি। তবে যখন আমরা বিশ্বকাপের মতো জায়গায় খেলার সুযোগ পাই- যেখানে প্রথমবার কোয়ালিফাই করার পর পুরো দেশ উৎসবে মেতেছিল, সেখানে আরও বুদ্ধিমত্তার সঙ্গে আলোচনা করা যেত। আমরা শুরুতেই এমন এক জায়গায় গিয়ে ঠেকেছি, যেখান থেকে ফেরার পথ ছিল না।’
আইসিসির ভেতরের আলোচনা নিয়ে তামিম উল্লেখ করেন, ‘আমি এখন বিসিবির প্রতিনিধি হিসেবে আইসিসিতে আছি। সেই সময় আলোচনার টেবিলে যে বিষয়গুলো উঠে এসেছিল, তা যদি প্রকাশ্যে বলি তবে আপনারা অবাক হবেন। তবে সম্মানের খাতিরে আমি সেসব বলতে পারব না। পুরো ঘটনা বিশ্লেষণ করে আমার মনে হয়েছে, বিষয়টিকে আরও সতর্কতা এবং দক্ষতার সঙ্গে সামলানো যেত।’
খেলার সঙ্গে রাজনীতি না মেশানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সব পরিস্থিতি বিবেচনা করে খেলাকে খেলার জায়গায় রাখা উচিত। যুদ্ধ চলাকালীন সময়েও আমেরিকা ও ইরান পরস্পরের মুখোমুখি হয়েছিল। তাই আমাদেরও উচিত খেলাধুলাকে অন্যান্য বিষয়ের সঙ্গে গুলিয়ে না ফেলা। আমাদের নিশ্চিতভাবেই বিশ্বকাপ খেলা উচিত ছিল এবং আরও সুন্দরভাবে দরকষাকষি করা প্রয়োজন ছিল।’





