লিওনেল মেসি না ডিয়েগো ম্যারাডোনা, এ নিয়ে তর্কের অন্ত নেই ফুটবল সমর্থকদের মধ্যে। এ প্রজন্মের ফুটবল সমর্থকদের একাংশ মনে করেন মেসিই সর্বকালের সেরা ফুটবলার। আবার অনেকেই বলেন, বিশ্বকাপ না জিতলে মেসি কোনোদিনই ম্যারাডোনা হয়ে উঠতে পারবেন না। নিজেকে সেরা প্রমাণ করতে হলে আর্জেন্টিনার রাজপুত্রকে পারফর্ম করতে হবে বিশ্বকাপের মঞ্চেই। সেকথা হয়তো মানেন স্বয়ং মেসিও। আর সেকারণেই তাঁকে বলতে শোনা গেছে, ‘দেশের হয়ে বিশ্বকাপ জেতার জন্য ক্লাব ফুটবলে জেতা সব ট্রফি দিয়ে দিতে পারি।’
মেসি-ম্যারাডোনার এই দ্বন্দ্বে সমর্থকরা যতই মেতে থাক, ম্যারাডোনা নিজে অবশ্য বলছেন, বিশ্বকাপে মেসির কোনো কিছুই প্রমাণ করার নেই। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ফুটবলের রাজপুত্র বলেছেন, ‘আমার মনে হয় না ওঁর কিছু প্রমাণ করার আছে, ওঁর উচিত ফুটবলটাকে উপভোগ করা।’ জাতীয় দলের বর্তমান অধিনায়ককে বেশ কিছু পরামর্শও দিয়েছেন ছিয়াশির বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের তারকা। ম্যারাডোনা বলেন, ‘আমি মেসিকে বলব খেলা চালিয়ে যাও, নিজের খেলা উপভোগ করো, সমালোচকরা কী বলছে তা নিয়ে ভাবার প্রয়োজন নেই, বিশ্বকাপ জিততে পারবে কিনা তা নিয়েও ভাবার প্রয়োজন নেই।’
ম্যারাডোনার মতে, এবারের বিশ্বকাপে ফেবারিটদের তালিকায় নেই আর্জেন্টিনা। তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনাকে বিশ্বকাপে ফেবারিট মনে করি না, কারণ ফেবারিটরা কোনোদিন বিশ্বকাপ জেতে না, তবে আমি মনে করি আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার যথেষ্ট সুযোগ রয়েছে।’
কোচ হোর্হে সাম্পাওলির ফুটবলশৈলী নিয়ে অবশ্য তিনি কোনো মন্তব্য করেননি। ম্যারাডোনা বলেন, ‘আমি সাম্পাওলিকে ব্যক্তিগতভাবে চিনি না, তিনি কীভাবে ফুটবল খেলান সেটাও জানিনা। তবে জাতীয় দলের অনেক ফুটবলারকে আমি চিনি, আমি জানি তাঁরা বিশ্বকাপ জেতার জন্য সবকিছু করতে পারে।’
কদিন আগেই ম্যারাডোনা বলেছিলেন, বিশ্বকাপে আর্জেন্টিনা একটি ম্যাচেও জিততে পারবে না। সেই তিনি হঠাৎই সুর বদলে ফেলললে। বললেন তিনি আর্জেন্টিনার ভালো সুযোগ দেখছেন। সত্যি, ম্যারাডোনা কখন কি বলেন বোঝা মুশকিল!




