আসন্ন ঈদে যাত্রীদের নিবির্ঘে যাতায়াতের জন্য রাজধানী ঢাকা, গাজীপুর ও অন্যান্য এলাকায় ঈদের আগে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) কার্যালয়ে আসন্ন ঈদে যাত্রীদের নিবির্ঘে যাত্রী সেবার প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘এখন রাজধানীতে সিটি কর্পোরেশন ও ওয়াসার অনেক কাজ চলছে। এর মধ্যে যেসব রাস্তায় খোঁড়াখুঁড়ি ও নির্মাণকাজ মানুষের ভোগান্তি সৃষ্টি করছে, তা আগামী ২১ জুন পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। ইতোমধ্যে সিটি কর্পোরেশন ও ওয়াসার সঙ্গে কথা হয়েছে। আমি তাদের কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছি।’




