লালমনিরহাট প্রতিনিধি : আজ বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে লালমনিরহাট শহরের সীমান্ত ক্যান্টিন মোড় এলাকায় বুড়িমারী স্থলবন্দর থেকে আসা বগুড়াগামী ট্রাকের চাপায় নিহত হয়েছেন লালমনিরহাট ভুমি রেজিস্ট্রি অফিসের দুই কর্মচারী জাহাঙ্গীর হোসেন, মোতালেব মিয়া ও রিক্সা চালক দুলাল মিয়া।
একই ট্রাক শহরের সেনা মৈত্রি মার্কেট এলাকায় একটি ব্যাটারী চালিত অটোকে ধাক্কা দিলে অটো চালকসহ তিনজন যাত্রী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় পুলিশ এটিকে মহেন্দ্রনগর এলাকায় আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।
নিহত জাহাঙ্গীর ও মোতালেব ভুমি রেজিস্ট্রি অফিসের সহকারী ছিলেন এবং দুইজনের বাড়ি জেলার পাটগ্রাম উপজেলায়। নিহত রিক্সা চালক দুলাল আদিতমারী উপজেলার খাতাপাড়া মাঝার এলাকার অধিবাসী ছিলেন বলে পুলিশ জানিয়েছেন।