নাটোর প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জেরে নাটোরের লালপুরে ভাগ্নের লাঠির আঘাতে মামা দোয়াবর মন্ডলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত দোয়া মন্ডল লালপুর উপজেলার জৈতদৈবকী গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামে পৈত্রিক জমি ও সীমানা নিয়ে দোয়াবর মন্ডল ওরফে দোয়ার সাথে বোন নাছিমা, ভগ্নিপতি আনজু ও ভাগ্নে নাসির ও টমাসের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে ওই সূত্র ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে এলোপাথাড়ি মারপিট শুরু হয়।
এক পর্যায়ে ভাগ্নে টমাস লাঠি দিয়ে মামা দোয়া মন্ডলের পিঠে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। আহতাবস্থায় তাকে লালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দোয়া মন্ডলকে মৃত ঘোষনা করেন।
লালপুর থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বোন নাছিমা ও নাজমা খাতুনকে থানায় নিয়ে আসা হয়েছে। তার ভগ্নিপতি ও ভাগ্নেরা পালিয়েছে। তদন্ত চলছে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।