চলতি সংসদের শেষ অধিবেশন বসছে ২১ অক্টোবর। সংসদের ২৩তম এ অধিবেশনটি ওইদিন বিকাল সাড়ে ৪টায় শুরু হবে। সংসদ আহ্বান সম্পর্কিত সংসদ সচিবালয়ের এক প্রস্তাবে এ দিনক্ষণের কথা বলা হয়েছে।
সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করবেন। সংসদ সচিবালয়ের প্রস্তাবে রাষ্ট্রপতি সম্মতি দিলেই অধিবেশন আহ্বান করা হবে। এই অধিবেশন কতদিন চলবে তা ওইদিন সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। অধিবেশনে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল সংশোধনের জন্য উত্থাপিত হতে পারে।
এর আগে ২০ সেপ্টেম্বর সংসদের ২২তম অধিবেশনটি শেষ হয়, যা ৯ সেপ্টেম্বর শুরু হয়েছিল। অধিবেশনের ১০ কার্যদিবসে ১৮টি বিল পাস হয়। এই অল্প সময়ে এতগুলো বিল পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমাপনী বক্তব্যে বলেন, মাত্র দশ দিনে ১৮টি বিল পাস করেছি। এত অল্প সময়ে এত বিল কমই পাস হয়েছে।