
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আসন্ন দূর্গা পূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি কনক কান্তি দাস, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা পরিষদ সচীব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আছাদুজ্জামান, জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রফুল্ল কুমার সরকার সহ প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার মন্দির কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবার জেলায় ৪৪৩ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। লোক সমাগমের উপর ভিত্তি করে জেলায় ৭৫ টি মন্দিরকে সব থেকে বেশী গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এসব মন্দিরে এক জন এসআই অথবা এএসআই এর নের্তৃত্বে ২ জন পুরুষ ও ২ জন নারী কনস্টেবল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মন্দির পরিদর্শণ করবেন।




