দেশইনফো প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে ও টিসিবিকে পেঁয়াজ সরবরাহ করতে হিলি স্থলবন্দরের আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেছে উপজেলা প্রশাসন ও টিসিবি।
হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমদানিকারকদের কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম না বাড়ানোর আহবান জানানো হয়। পাশাপাশি দাম নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে অভিযানের কথা জানানো হয়। বৈঠকে হিলি স্থলবন্দর থেকে টিসিবির চারশ’ টন পেঁয়াজ কেনার কথাও জানানো হয়। এ লক্ষ্যে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য দরপত্রে আমদানিকারকদের যোগ দেওয়ার আহবান জানানো হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, টিসিবির রংপুর, ময়মনসিংহ রিজিওনাল অফিসের ডেপুটি ডাইরেক্টর শফিকুল ইসলাম, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, আমদানিকারক বাবলুর রহমান, মোবারক হোসেন, শহিদ উদ্দিন প্রমুখ।





