নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ ক্রিকেট লিগে মধ্যাঞ্চলের বিপক্ষে তিনি ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এত লম্বা ইনিংস খেলেছেন কীভাবে, সেই ব্যাখ্যা দিলেন জাতীয় দলের অধিনায়ক।
মধ্যাঞ্চলের বিপক্ষে ২০টি চার ও ২ ছক্কায় অপরাজিত ইনিংস খেলেন জ্যোতি। প্রায় ৭ ঘণ্টা ক্রিজে থেকে ২৫৩ বল খেলার পর বলেছেন, ‘প্রথম ইনিংসে (ফারজানা হক) পিংকি আপু অনেক ধৈর্য নিয়ে ব্যাটিং করেছেন। ইশমা (তানজিম) খুব ভালো ব্যাটিং করছিল। তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে, এভাবেই আসলে (লাল বলের) ক্রিকেটটা খেলতে হয়। আমার তো একদমই অভিজ্ঞতা ছিল না।’
জ্যোতি আগে সেঞ্চুরি পেলেও পিংকি হতে পারতেন ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান। কিন্তু তিনি ১৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। এই ব্যাটার ২৮৭ মিনিট ক্রিজে থেকে ২৪৬ বলে খেলেন ৮৬ রানের ইনিংস। পিংকি ও ইশমার ব্যাটিংই মূলত জ্যোতিকে অনুপ্রাণিত করেছে, ‘ওদের (প্রতিপক্ষের) ব্যাটিং দেখেই মূলত অনুপ্রাণিত হয়েছি। অন্য ম্যাচের ব্যাটারদেরও দেখছিলাম, সময় নিয়ে ব্যাটিং করেছে। কোচ থেকেও একটা নির্দেশনা ছিল। লঙ্গার ভার্সন ধৈর্যের খেলা। যতটা সময় নিয়ে ব্যাটিং করা যায়। সেটাই চেষ্টা করেছি।’





