জয়ার ‘নকশী কাঁথার জমিন’-এ মুগ্ধ আনু মুহাম্মদ

0
67

বছরের শুরুতে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত সিনেমা পেয়ারার সুবাস। বছর শেষ হচ্ছে এ অভিনেত্রীর ‘নকশী কাঁথার জমিন’ ছবিটি দিয়ে। গত শুক্রবার মুক্তি পেয়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পে নির্মিত ছবিটি মুগ্ধ করেছে অর্থনীতিবিদ ও অধ্যাপক আনু মুহাম্মদকে। সামাজিক মাধ্যমে তা প্রকাশ করেছেন তিনি।

নিজের ফেসবুকে ‘নকশী কাঁথার জমিন’-এর রিভিউতে আনু মুহাম্মদ লিখেছেন, ‘দুই নারীর গল্প। কৈশোর পার হতে না হতেই ভুলভাবে দুই ভাইয়ের সাথে বিয়ে হয়ে যায় তাদের। সন্তান বড় হতে হতে আসে ১৯৭১। এক ভাই রাজাকার, অন্য ভাই মুক্তিযোদ্ধা; এক ছেলে রাজাকার, অন্য ছেলে মুক্তিযোদ্ধা। বাবা-ছেলে, মা-ছেলে, স্বামী-স্ত্রী অবিরাম দ্বন্দ্ব সংঘাত। সংলাপ খুবই কম। ৭১-এর ঘোর বর্ষণে অনাবিল দৃশ্যাবলীর পাশাপাশি যুদ্ধ এবং নৃশংসতা।’

এরপর লেখেন, ‘অসাধারণ ক্যামেরার কাজ। জয়া ও সেঁওতীসহ সবার অভিনয় এবং দৃশ্যবিন্যাসও দারুণ। চিত্রনাট্যে কি আরও কাজ করার সুযোগ ছিল? কেন এ রকম নৃশংস হয়ে গেল ছেলেটা? দুই নারীর দুর্বল জীবনের সবই যায়, শূন্যতার মধ্যে বেঁচে থাকে নকশি কাঁথার জীবন! হলে ছবি দেখেন। সরকারি অনুদানে আকরাম খানসহ সমগ্র দলের আরেকটি উপহার।’

রিভিউটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন জয়া। ‘নকশী কাঁথার জমিন’নির্মাণ করেছেন আকরাম খান। চলচ্চিত্রটির অন্যতম কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার বোনের চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি, দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here