বিধ্বংসী ইনিংসে বরিশালকে জেতালেন রিয়াদ-ফাহিম

0
60

দুর্বার রাজশাহীর দুইশ’ ছোঁয়া রান তাড়া করতে নেমে ১৩তম ওভারে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ফরচুন বরিশাল। গত আসরের চ্যাম্পিয়নরা হার দেখছিল। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফ বিধ্বংসী ইনিংস খেলে রাজশাহীর হাত থেকে ম্যাচ ছিনিয়ে এনেছে। ১১ বল থাকতে তুলে নিয়েছে ৪ উইকেটের জয়।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুর্বার রাজশাহী ১৯৭ রান তোলে। দলটির হয়ে ইয়াসির আলী রাব্বি ৪৭ বলে ৯৪ রান করেন। আটটি ছক্কা ও সাতটি চারের শট মারেন তিনি। এনামুল হক খেলেন ৫১ বলে ৬৫ রানের ইনিংস। পাঁচটি ছক্কার সঙ্গে চারটি চার আসে তার ব্যাট থেকে।

জবাবে নেমে বরিশাল ইনিংসের প্রথম বলেই জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্তকে হারায়। দলের ১২ রানে ব্যক্তিগত ৭ রানে ফেরেন তামিম। পরে কাইল মেয়ার্স ফিরলে ৩১ রানে ৩ উইকেট হারায় বরিশাল। রানটা ১২.২ ওভারে হয়ে যায় ৬ উইকেটে ১১২। সেখান থেকে ৫.৫ ওভারে ৮৮ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়েছেন ৩৯ বছর বয়সী রিয়াদ ও পাকিস্তানের পেস অলরাউন্ডার ফাহিম।

দলকে জেতাতে রিয়াদ ২৬ বলে খেলেন ৫৬ রানের ইনিংস। তার ২১৫.৩৮ স্ট্রাইক রেটের ইনিংসে ছিল বড় বড় চারটি ছক্কা ও পাঁচটি চারের শট। ফাহিম খেলেন ২১ বলে ৫৪ রানের ইনিংস। সাতটি ছক্কা ও একটি মাত্র চার মারেন এই অলরাউন্ডার। তার আগে শাহিন আফ্রিদি ১৭ বলে তিন ছক্কা ও এক চারে ২৭ রানের ইনিংস খেলেন। তাওহদী হৃদয় যোগ করেন ২৩ বলে ৩২ রান।

মিরপুরে এদিন গ্যালারি ছিল দর্শকে ভরা। টিকিটের জন্য একদিন আগে থেকেই হট্টগোল ছিল। ম্যাচের দিনও টিকিটের জন্য ভক্তদের দৌড়াদৌড়ি ছিল। উদ্বোধনী ম্যাচেই বিপিএলের বিজ্ঞাপনী রানের ফোয়ারা ছুটেছে। গ্যালারির দর্শকরাও চার-ছক্কায় উল্লাস করেছেন। তবে রিয়াদের বাউন্ডারি মানেই ছিল গ্যালারিতে বাড়তি উন্মাদনা। তামিম-রিয়াদের ব্যাটিং দেখতেই যেন তাদের স্টেডিয়ামে আসা। বরিশালের অধিনায়ক হতাশ করলেও মন ভরিয়ে দিয়েছেন ‘বুড়ো’ রিয়াদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here