গাজায় দ্রুত স্থায়ী যুদ্ধবিরতি চায় হামাস

0
62

গাজায় যুদ্ধবিরতি চুক্তি দ্রুত বাস্তবায়ন দেখতে আগ্রহী ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাস। শুক্রবার (৩ জানুয়ারি) যুদ্ধবিরতি নিয়ে কাতারের সঙ্গে পরোক্ষ বৈঠকের নতুন দফায় এই মন্তব্য করেছে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা বাসেম নাইম। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (এমইই) এ খবর জানিয়েছে।

নাইমকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করাকে মূল বিবেচনায় রেখে নতুন দফার আলোচনা চলছে। গত এক বছর ধরে দোহায় চলমান আলোচনায় কোনও কার্যকর সমঝোতা না হওয়ায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি এখনও অধরা রয়ে গেছে।

বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পুনরায় প্রেরণের অনুমোদন দিয়েছেন। তবে যুদ্ধের স্থায়ী সমাপ্তির সম্ভাবনাকে প্রকাশ্যে অস্বীকার করে যাচ্ছেন তিনি।

হামাস ও ইসরায়েল ২০২৩ সালের ডিসেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তির সমঝোতার চেষ্টা করছিল। তবে তখনও হামাস অভিযোগ করেছিল যে, ইসরায়েলি আলোচকরা নতুন শর্ত চাপিয়ে সমঝোতার পথে বাধা সৃষ্টি করছে। ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, যুদ্ধবিরতির পথে আসল বাধা তৈরি করছে হামাস।

যুদ্ধবিরতির পথে হামাসকে বরাবরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দোষারোপ করে আসলেও বিশ্লেষকদের দাবি, চুক্তিতে পৌঁছাতে নেতানিয়াহুর দিক থেকেও তেমন আগ্রহ দেখা যায় না।

পুরো ২০২৪ সাল জুড়ে হামাসের প্রয়াত প্রধান ইয়াহিয়া সিনাওয়ারকে যুদ্ধবিরতির প্রধান বাঁধা বলে অভিযুক্ত করে এসেছিল ওয়াশিংটন ও তেল আবিব। কিন্তু ইসরায়েলি বাহিনীর হাতে সিনাওয়ার নিহত হওয়ার প্রায় দুমাস হতে চললেও যুদ্ধবিরতির কোনও সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না।

এদিকে, ২০ জানুয়ারি অভিষেকের আগেই একগাদা হুমকি ধামকি দিয়ে পুরো বিশ্বকে ব্যতিব্যস্ত করে রাখা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ওভাল অফিসে বসার আগে বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত না হলে হামাসকে তার ‘চরম মূল্য দিতে হবে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here