আশুলিয়ায় দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

0
74

সাভারের আশুলিয়ায় শবে বরাত উপলক্ষ্যে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আশুলিয়া থেকে নারী ও শিশুসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে সুমনের শরীরের ৯৯ শতাংশ, শিউলি আক্তারের ৯৫ শতাংশ, শারমিন ৪২ শতাংশ দগ্ধ, সোয়ায়েদ ২৭ শতাংশ, মনির হোসেন ২০ শতাংশ, মাহাদী ১০ শতাংশ, ছামিন মাহমুদের ১৪ শতাংশ, সোহেল ১০ শতাংশ, সুরাহা ৯ শতাংশ, সূর্য বানু ৭ শতাংশ ও জহুরা বেগমের শরীরে ৫ শতাংশ দগ্ধ রয়েছে।

ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধের পরিমাণ বেশি থাকায় ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ৯ জনকে ভর্তি দেওয়া হয়েছে। এছাড়া দগ্ধের পরিমাণ কম হওয়ায় দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে। এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সুমন তার পরিবার নিয়ে আশুলিয়ায় গোলাইল এলাকায় আমজাদ ব্যাপারীর ভাড়া বাড়িতে দোতলায় থাকতেন। আজ শবে বরাত উপলক্ষ্যে তার ভাই সোহেল ও তার পরিবারের আরও সদস্যরা বেড়াতে আসেন। সুমন বাড়িতে আসা অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করার জন্য আয়োজন করেন। এসময় পিঠা বানাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সুমনের পরিবার ও অতিথিরা সবাই দগ্ধ হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here