আগামী মৌসুমে কোথায় খেলবেন হামজা

0
41

বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শুরু হয়েছে জোর আলোচনা। গত মার্চে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের হয়ে অভিষেক হয় বাংলাদেশি এই ফুটবলারের। জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম গোলটিও করেন তিনি। এখন আন্তর্জাতিক ফুটবলের বিরতি চলায় হামজার মনোযোগ পুরোপুরি আগামী মৌসুমের দিকেই।

হামজা তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন লিস্টার সিটির একাডেমি দিয়ে। ২০১৭ সালে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় তার। সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির হয়ে ১০০টিরও বেশি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। তবে তার ক্যারিয়ারে বার্টন আলবিয়ন ও ওয়াটফোর্ডের মতো ক্লাবে ধারে খেলার অভিজ্ঞতাও রয়েছে।

সর্বশেষ, ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে হামজা ধারে যোগ দেন শেফিল্ড ইউনাইটেডে। চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করলেও প্লে-অফ ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে উঠতে ব্যর্থ হয় দলটি।
ধারের মেয়াদ শেষে হামজা ২০২৫-২৬ মৌসুমের জন্য ফিরছেন তার মূল ক্লাব লিস্টার সিটিতেই। বর্তমানে ক্লাবটির সঙ্গে হামজার আরো দুই বছরের চুক্তি রয়েছে।

লিস্টার প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়ায় হামজাকে আগামী মৌসুমে ক্লাবটির হয়েই খেলতে হতে পারে। তবে গ্রীসের নামকরা ক্রীড়া গণমাধ্যম স্পোর্টস এফএস জানিয়েছে, গ্রিক সুপার লিগের ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোস বাংলাদেশের এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর আগ্রহ দেখাচ্ছে। যদি হামজার সঙ্গে অলিম্পিয়াকোসের চুক্তি হয় তাহলে আগামী মৌসুমে তাকে দেখা যাবে চ্যাম্পিয়নস লিগে।
তবে আগামী ২০২৫-২৬ মৌসুমে কোথায় দেখা যাবে বাংলাদেশের এই তারকা ফুটবলারকে—তা এখনো নিশ্চিত নয়। তবে ইউরোপিয়ান বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা দেশের ফুটবলের জন্য নিঃসন্দেহে বড় সুখবর।

এখন দেখার বিষয়, হামজা কি লিস্টারে থেকে দলকে আবার প্রিমিয়ার লিগে তুলবেন, নাকি নতুন চ্যালেঞ্জ নিতে পাড়ি জমাবেন গ্রীসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here