আবারও শুরু ডাইনোসরের রাজত্ব

0
34

বিশ্বের ৮২টি দেশে মুক্তি পেয়েছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের নতুন কিস্তি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। মুক্তির পর থেকে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। বলা চলে বক্স অফিসে ডাইনোসরের রাজত্ব আবারও শুরু হয়েছে! মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১৭১ মিলিয়ন ডলারেরও বেশি। এ সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ৩১৮ মিলিয়ন ডলার। এর মধ্যে শুধুমাত্র উত্তর আমেরিকায় আয় হয়েছে ১৪৭ মিলিয়ন ডলার।

‘জুরাসিক পার্ক’ সিরিজের সপ্তম কিস্তি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। এতে নতুনভাবে হাজির হয়েছেন স্কারলেট জোহানসন, জোনাথন বেইলি এবং মাহেরশালা আলি। পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস এবং চিত্রনাট্য লিখেছেন মূল ‘জুরাসিক পার্ক’ লেখক ডেভিড কোয়েপ।

এই ছবিতে মূল গল্প আবর্তিত হয়েছে একটি গোপন মিশনকে ঘিরে। যেখানে দেখা যাবে, ডাইনোসরের ডিএনএ উদ্ধার করে একটি বিস্ময়কর ওষুধ তৈরি করার চেষ্টা চলছে। গল্প, লোকেশন, গ্রাফিক্স, অভিনয় ও নির্মাণের মুন্সিয়ানা সিনেমাটিকে দর্শকের কাছে উপভোগ্য করে তুলেছে বলে দাবি বাণিজ্য বিশ্লেষকদের।

যদিও উত্তর আমেরিকায় ছবিটির শুরু কিছুটা ধীরগতির তবে আন্তর্জাতিক বাজারে এটি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।সবচেয়ে বেশি আয় হয়েছে চীন থেকে। সেখানে ছবিটি ৪১ মিলিয়ন ডলার আয় করেছে। এরপর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড মিলিয়ে ১৬.৬ মিলিয়ন, মেক্সিকোতে ১৩.৯ মিলিয়ন এবং জার্মানিতে ৭.৬ মিলিয়ন ডলার সংগ্রহ করতে পেরেছে ডাইনোসরের নতুন গল্পটি।

এদিকে আন্তর্জাতিক বক্স অফিসে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপলের প্রযোজনায় নির্মিত ‘এফ১: দ্য মুভি’। ব্র্যাড পিট অভিনীত এই রেসিং ড্রামা দ্বিতীয় সপ্তাহে ৭৮টি বাজার থেকে আয় করেছে ৫৬.৩ মিলিয়ন ডলার। এখন পর্যন্ত ছবিটির মোট আয় ২৯৩ মিলিয়ন ডলার। যার মধ্যে ১৮৪ মিলিয়ন এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। যদিও এর বিশাল বাজেট ছিল ২৫০ মিলিয়ন ডলার। তাই লাভের মুখ দেখতে এখনও সময় লাগবে।

অন্যদিকে ডিজনির লাইভ-অ্যাকশন রিমেক ‘লিলো এন্ড স্টিচ’ ধীরে ধীরে ১ বিলিয়ন ডলারের মাইলফলকের দিকে এগোচ্ছে। সাত সপ্তাহে ছবিটির বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৯৭২.৭ মিলিয়ন ডলার। এর মধ্যে ৫৬৪.২ মিলিয়ন এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। এ আয় দিয়ে ছবিটি ইতোমধ্যে ‘অ্যা মাইনক্রাফট মুভি’র ৯৫৪ মিলিয়ন ডলার আয়কে পেছনে ফেলে বছরের সবচেয়ে সফল হলিউড ছবি হয়ে উঠেছে।

তবে বছরের সবচেয়ে বড় হিট এখনো চীনের ‘নে ঝা ২’। এর আয় ইতিমধ্যে ১.৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here