শেষ পর্যন্ত হাসি ভারতেরই। সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৫–০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে তারা। ফলে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের।
ভুটানের বিপক্ষে গোলশূন্য ড্র করে আগেই পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ। তাই শিরোপা সমীকরণ কঠিন হয়ে দাঁড়িয়েছিল প্রীতিদের জন্য। ভারতের জয়ে সেই স্বপ্ন একেবারেই শেষ হয়ে গেল।
পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। সমান ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট। শেষ ম্যাচে জিতলেও দুই পয়েন্টের ব্যবধান থাকায় লাল-সবুজদের শিরোপা হাতছাড়া নিশ্চিত হলো।
চার দলের টুর্নামেন্টে নেপালের সংগ্রহ ৩ পয়েন্ট, স্বাগতিক ভুটান আছে মাত্র ১ পয়েন্টে। আগামী পরশু বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে, তবে লড়াইটি হবে কেবল নিয়মরক্ষার। একই দিনে আসরের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও ভুটান।





