গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপজেলা জাতীয় পার্টির উপজেলা কার্যালয় ভাঙচুর করেন এবং অফিসের ভিতরে থাকা আসবাবপত্রে অগ্নিসংযোগ করে।
হরিপুর উপজেলার গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন বলেন তার নেতৃত্বে একটি মিছিল উপজেলার বটতলী থেকে শুরু হয়। মিছিলটি উপজেলা পরিষদ পার হয়ে জাতীয় পার্টির অফিস পাড় হওয়ার সময় কিছু বিক্ষুব্ধ নেতাকর্মী উপজেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে এবং অফিসে থাকা আসবাবপত্রে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে।
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন আরো জানান, জাপার লোকজন বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের নেতা ভিপি নুরসহ অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
হরিপর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় কিছু লোকজন জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ যাওয়ার আগেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় কেউ আহত হয় নি। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।




