জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

0
34

জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা বলছে, এ ধরনের মন্তব্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহারের উসকানি দেয়। সোমবার (২৪ নভেম্বর) রাতে এক প্রতিবাদলিপিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ প্রতিবাদ জানিয়েছে।

প্রতিবাদলিপিতে জানায়, একটি রাজনৈতিক দলের সাবেক সংসদ সদস্য পুলিশকে তাদের পেছনে হাঁটানো ও তাদের কথায় মামলা গ্রহণ ও আসামি গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য দিয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে এবং এই বক্তব্যটি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে। গত ২২ নভেম্বর একটি রাজনৈতিক দলের সমাবেশে তাদের সাবেক সংসদ সদস্য বলেন, ‘যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে, থানার ওসি আপনার প্রোগ্রাম সকালে জেনে নিয়ে আপনাকে প্রটোকল দেবে’- যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পুলিশের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংগঠন নিয়ে অতিমাত্রায় রাজনৈতিক বক্তব্যের শামিল।

প্রতিবাদলিপিতে আরও জানানো হয়, বাংলাদেশ পুলিশ সংবিধান ও বিধিবদ্ধ আইনের মাধ্যমে পরিচালিত হয়। গত ১৭ বছর পুলিশের কিছু উচ্চাকাঙ্ক্ষী সদস্য বাংলাদেশ পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জনগণের সঙ্গে দূরত্বের ক্ষেত্র তৈরি করে। ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ অত্যন্ত নিরপেক্ষ ও সুচারুভাবে দায়িত্ব পালন করছে। কোনো দল ও মতের পক্ষে বা বিপক্ষে অবস্থান করে কোনো কার্যক্রম গ্রহণ করছে না, বরং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করে জন-আকাঙ্ক্ষার পুলিশে রূপান্তরিত হয়েছে।

২০২৬-এর ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। কারও দলদাস হয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের সেই দিন সুদূর পরাহত। বিধিবদ্ধ আইন ও জনকল্যাণকে সামনে রেখে পুলিশ বাহিনী দায়িত্ব পালন করে শুধুমাত্র জনগণের কাছে জবাবদিহিতার সংস্কৃতিতে বিশ্বাস রাখে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন রাজনৈতিক নেতাদের এমন উচ্চাকাঙ্ক্ষামূলক ও পুলিশের জন্য হেয়প্রতিপন্ন হয় এহেন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here