সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জারি করা নির্বাহী আদেশের যেগুলো অটোপেন দিয়ে সই করা হয়েছে, সেগুলো বাতিলের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, বাইডেনের বেশির ভাগ নির্বাহী আদেশই অটোপেন ব্যবহার করে সই করা।
আলজাজিরার খবরে বলা হয়, এর মাধ্যমে ট্রাম্প ডেমোক্রেটিক সরকারের নীতিগুলোকে অবৈধ ঘোষণার চেষ্টা করছেন– এমন অভিযোগ উঠেছে। অটোপেন হলো এমন একটি মেশিন, যা কারও স্বাক্ষর নকল করে বসিয়ে দিতে পারে।
ট্রাম্প লিখেছেন, ‘ঘুমকাতুরে জো বাইডেনের অটোপেন দিয়ে যেসব নথিতে স্বাক্ষর করেছেন, তা বাতিল করা হলো। এগুলোর আর কোনো কার্যকরিতা থাকবে না। বাইডেনের স্বাক্ষর করা মোট নথির প্রায় ৯২ শতাংশই এমন।’
গত জানুয়ারিতে দায়িত্ব ছাড়েন বাইডেন। সে সময় তাঁর বয়স ছিল ৮২ বছর। ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, অধিক বয়স ও মানসিক দুর্বলতার কারণে নির্বাহী অফিসের নিয়ন্ত্রণ বাইডেনের হাতে ছিল না। বর্তমানে নিজেও ৭৯ বছর বয়সী ট্রাম্প শুক্রবারের পোস্টে আবারও সেই অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন– বাইডেন যদি এগুলো অস্বীকার করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।





