টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতের জন্য মান বাঁচানোর লড়াই হিসেবে বিবেচিত হতে যাচ্ছে আজ শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ সিরিজ রোহিত শর্মা ও বিরাট কোহলির জন্যও অগ্নিপরীক্ষা হতে চলেছে। আজ মহেন্দ্র সিং ধোনির শহরে শুরু হচ্ছে সিরিজ। পরের দুই ম্যাচ রায়পুর ও বিশাখাপত্তনমে। তিন ম্যাচেই দুজনকে নিজেদের পুরোনো প্রত্যাশিত ফর্মে উপস্থিত হতে হবে। তবেই ২০২৭ বিশ্বকাপ খেলার সম্ভাবনা তৈরি হবে। নইলে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের সিরিজেই বাদ পড়ে যেতে পারেন।
রোহিত-কোহলির আন্তর্জাতিক ক্রিকেটজীবন কতটা দীর্ঘ হবে, নির্ভর করছে এই সিরিজে তাদের পারফরম্যান্সের ওপর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর চলতি বছরে আর কোনো সূচি নেই ভারতের। তাই সিরিজ শেষে আগামী বছরের পরিকল্পনা করে ফেলতে চান ভারতীয় বোর্ডের কর্তারা। এজন্য ওয়ানডে সিরিজ শেষে কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে আহমেদাবাদে বৈঠকে বসবেন তারা।
একটি প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকেই রোহিত-কোহলির ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যেতে পারে। এমনিতে সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়ায় দুই সিনিয়রের পারফরম্যান্স নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তার বরাত দিয়ে ওই গণমাধ্যম জানিয়েছে, সিরিজ হারার পর শেষ ম্যাচে গিয়ে দুজন রান পেয়েছেন। দুজনের মধ্যে আবার কোহলিকে নিয়ে বোর্ড বেশি চিন্তিত। বোর্ডের চাওয়া তারা দুজন ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেবেন, তরুণদের পথ দেখাবেন, দলের বোঝা হয়ে থাকবেন না।
এ সিরিজে আক্ষরিক অর্থেও দুই সিনিয়রের ওপর নির্ভর করছে অনেক কিছু। নিয়মিত অধিনায়ক শুভমান গিল নেই, ওয়ানডে সহঅধিনায়ক শ্রেয়াস আইয়ারও পাঁজরে চোটের জন্য মাঠের বাইরে। তাদের অনুপস্থিতিতে লোকেশ রাহুল নেতৃত্ব দেবেন আজ। শুভমান গিলের বদলে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়সোয়াল।



