‘সর্বোচ্চ’ সেঞ্চুরির রেকর্ড আফগান ব্যাটারের

0
27

৩১০ রানের বড় পুঁজি গড়েও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে ছিটকে গেছে আফগানিস্তান। সেমিফাইনালেই থামল তাদের যাত্রাপথ। ম্যাচটিতে যুব ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আফগান তরুণ ফয়সাল শিনোজাদা। অ-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সামি আসলাম এতদিন একাই সেই রেকর্ড দখলে রেখেছিলেন।

ফয়সাল শিনোজাদা ও সামি আসলাম দুজনেই সমান ৬টি সেঞ্চুরি করেছেন যুব ওয়ানডেতে। এক্ষেত্রে অবশ্য আফগান ব্যাটার অনেক দ্রুততম এই কীর্তি গড়েছেন। ফয়সাল ষষ্ঠ সেঞ্চুরি করেছেন ২২তম ওয়ানডেতে। ওই রেকর্ড গড়তে সামির লেগেছে ৪০টি ম্যাচ। এ ছাড়া ভারতের উন্মুক্ত চাঁদ ও বাংলাদেশের তাওহীদ হৃদয় সমান ৫টি করে সেঞ্চুরির রেকর্ড রয়েছে।

ভারতের বিপক্ষে গতকাল (বুধবার) ৯৩ বলে ১৫টি চারের সাহায্যে ১১০ রান করেন ফয়সাল শিনোজাদা। উজাইরউল্লাহ নিয়াজাইয়ের সঙ্গে তিনি ১৪৮ রানের জুটি গড়ে আফগানিস্তানকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। উজাইরউল্লাহ ৮৬ বলে ১২ চার ও ২ ছক্কায় অপরাজিত ছিলেন ১০১ রানে। যাতে ভর করে আফগান যুবারা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১০ রান তোলে।

সেই লক্ষ্য তাড়ায় ভারতকে তেমন ভাবনায় পড়তে হয়নি। প্রথম তিন ব্যাটারই পঞ্চাশোর্ধ রান করে জয়ের পথ সুগম করেছেন, সেঞ্চুরি পেয়েছেন ওপেনার অ্যারন জর্জ। ১০৪ বলে ১৫ চার ও ২ ছক্কায় ডানহাতি এই ব্যাটার ১১৫ রান করেন। এ ছাড়া বৈভব সূর্যবংশী ৩৩ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৬৮ এবং অধিনায়ক আয়ুশ মহাত্রে ৫৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেন ৬২ রান। ফলে মাত্র ৪১.১ ওভারেই ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এ নিয়ে টানা ছয় ও সবমিলিয়ে দশমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠল রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ভারত। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আগামী শুক্রবার অ-১৯ বিশ্বকাপের ফাইনালে লড়বে ভারত ও ইংল্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here