‘শোরগোল’ সামলাতে না পারলে অন্য ক্লাবে যাও : আর্সেনাল কোচ

0
44

শিরোপার লড়াই থেকে আস্তে আস্তে যেন ছিটকে পড়ছে আর্সেনাল। শেষ সাতটি লিগ ম্যাচে তাদের মাত্র দুটি জয়, আর ম্যানসিটির ধারাবাহিক সাফল্য— ১১ ম্যাচ হাতে রেখে দুই শীর্ষ দলের মাঝে তফাত কেবল দুই পয়েন্টের। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের শক্ত মানসিকতার পরিচয় দিতে বললেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

শিরোপা-প্রত্যাশী খেলোয়াড়দের উদ্দেশ্যে আর্তেতা বলেছেন, প্রিমিয়ার লিগের জন্য লড়তে ‘শোরগোল’ এবং ‘বুলেট’ সামলাতে না পারলে তারা যেন অন্য কোনো ক্লাবে যোগ দেয়।

টেবিলের তলানিতে থাকা উলভসের সঙ্গে দুই গোলের লিড হাতছাড়া করার পর ড্র করে আর্সেনাল। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকে থাকতে কঠিন পরীক্ষায় রোববার চিরপ্রতিদ্বন্দ্বী টটেনহ্যামের মুখোমুখি হচ্ছে তারা।

আর্সেনালের ভাগ্য এখনো তাদের নিজেদের হাতেই রয়েছে। শীর্ষে থেকেই উত্তর লন্ডনে স্পারদের বিপক্ষে খেলবে তারা। গত তিন বছর ধরে রানার্সআপ হয়ে লিগ শেষ করেছে আর্সেনাল। উলভসের বিপক্ষে পয়েন্ট হারানোর পর থেকে তাদের বিরুদ্ধে ‘বটলার’ তকমা জুটছে, যার মানে শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলা। যদিও আর্তেতা এমন কিছু উড়িয়ে দিয়েছেন।

বাইরের শোরগোল তার খেলোয়াড়দের জন্য খুব বেশি চাপের হয়ে উঠতে পারে কি না— এমন দাবির প্রেক্ষিতে আর্তেতা বলেন, ‘আপনি তাদের প্রশ্ন করুন : তোমরা কি এই শোরগোলের অংশ হতে চাও? নাকি চাও না? যদি না চাও, তবে গিয়ে অন্য কিছু করো।’

মানসিকভাবে শক্তিশালী খেলোয়াড়দের চান তিনি, ‘অন্য কোনো ক্লাবের অংশ হও অথবা তোমরা কি আর্সেনাল হতে চাও? গত ১০ বছর, ১৫ বছর ধরে সবাই দাবি করে আসছে যে আমাদের সেখানে (শিরোপার লড়াইয়ে) ফিরে যাওয়া দরকার এবং এখন আমরা সেখানে আছি, তো এখন সমস্যা কী? তোমরা কি শোরগোল চাও না?’

সাংবাদমাধ্যমে সমালোচনা, গুঞ্জন এসব ফুটবলের অংশ বললেন আর্তেতা, ‘শোরগোল এর অংশ এবং বুলেটগুলোও এর অংশ; আমরা চেষ্টা করি এগুলোকে সঠিক উপায়ে মোকাবিলা করতে এবং আমরা যা খুঁজছি তা অর্জন করতে। আমাদের যা করার তা আমাদের করতে হবে। আমি মনে করি না এটি কারো জন্য পরিবর্তন হতে যাচ্ছে। শেষ পর্যন্ত আপনাকে পরবর্তী ম্যাচটি জিততে হবে এবং যদি আপনি তা করতে পারেন, তবে আপনি অনেক শক্তিশালী অবস্থানে থাকবেন এবং এটিই একমাত্র বিষয় যা আমাদের নিয়ন্ত্রণে আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here