ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। একের পর এক দর্শকপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে তারা গড়ে তুলেছেন আলাদা এক ভক্তশ্রেণি। তবে গত কয়েক বছরে এই জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি। কারণ, দুজনেই পা রেখেছেন বড় পর্দায়। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে—প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে দেখা যাবে নিশো-মেহজাবীনকে।
জানা গেছে, জুটির প্রথম সিনেমার নাম ‘পুলসিরাত’। গেল বছরের শেষের দিকে এ বিষয়ে একটি খবরও প্রকাশিত হয়েছিল। সূত্রের বরাতে প্রকাশিত সেই খবরে সিনেমাটি কবে মুক্তি পাবে সেটা অজানা ছিল। তবে জানানো হয়েছিল রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করবেন ভিকি জাহেদ, যিনি আগে থেকেই এই জুটিকে নিয়ে নির্মাণ করেছেন একাধিক জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্ট। ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’, ‘শিল্পী’, ‘চম্পা হাউজ’, ‘নির্বাসন’সহ তার নির্মিত কাজগুলো দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট। প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে ভাবা হচ্ছে। তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ মাসেই সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। আর মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়।
যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পীরা। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র নিশ্চিত করেছে, বড়সড় আয়োজনের মধ্য দিয়ে শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসছে।
উল্লেখ্য, ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে আফরান নিশোর। এরপর ‘দাগি’ সিনেমায়ও তিনি প্রশংসিত হন তিনি। সেই ধারাবাহিকতায় তার অভিনীত ‘দম’ সিনেমাটি মুক্তি পায় গেল ঈদুল ফিতরে। যেখানে তার সঙ্গে আছেন পূজা চেরি। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি বর্তমানে মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে শাহজাহান নূর চরিত্রে অভিনয় করেছেন নিশো। যা তার ক্যারিয়ারে একেবারেই ভিন্ন অভিজ্ঞতা এনে দিয়েছে বলে জানিয়েছেন। নিশোর ভাষ্য, ‘দম’ শুধুমাত্র একটি সারভাইভাল গল্প নয় বরং এটি বহুস্তরের এক মানবিক সংগ্রামের কাহিনী। যেখানে বেঁচে থাকাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই লড়াই শুধু শারীরিক নয় বরং মানসিক, সামাজিক দিক থেকেও গভীর।
সিনেমাটির রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার খবর এলো এই অভিনেতার। অন্যদিকে, মেহজাবীন চৌধুরীও বড় পর্দায় নিজের জায়গা তৈরি করছেন ধীরে ধীরে। ‘প্রিয় মালতি’ ও ‘সাবা’ইতোমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমা দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে পেয়েছে প্রশংসা ও স্বীকৃতি।




