নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন রোহিত

0
4

ব্যাট হাতে ২২ গজে কত গল্পই না লিখেছেন রোহিত শর্মা। এবার সেই রোহিতকেই দেখা যাবে অন্য এক ভূমিকায়। ক্রিকেটের মাঠ ছেড়ে টেলিভিশনের পর্দায় নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক।

সনি পিকচার্স নেটওয়ার্কস জানিয়েছে, ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’ নামে নতুন একটি শো নিয়ে আসছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক। এরই মধ্যে অনুষ্ঠানটির শুটিং শুরু হয়ে গেছে। আগামী ১৯ সেপ্টেম্বর টেলিভিশনের পর্দায় দেখা যাবে রোহিতের নতুন এই আয়োজন। তবে অনুষ্ঠানটি ঠিক কী নিয়ে, কিংবা এর ফরম্যাট কেমন—এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি সনি।

ক্রিকেটারদের টেলিভিশনে নতুন ভূমিকায় দেখা অবশ্য নতুন কিছু নয়। ভারতের আরেক সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ক্রিকেট-পরবর্তী সময়ে এই জগতে বেশ সফলভাবেই জায়গা করে নিয়েছেন। ‘দাদাগিরি’ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দীর্ঘদিন তাকে দেখা গেছে। সম্প্রতি ‘বিগ বস বাংলা’-র সঞ্চালকের ভূমিকাতেও আছেন তিনি। এবার যেন সেই পথেই হাঁটছেন রোহিত।

তবে রোহিতের টেলিভিশনে পা রাখার খবরের সঙ্গে তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নতুন আলোচনা। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যেই অবসর নিয়েছেন তিনি। এখন খেলছেন শুধু ওয়ানডেতে। লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু ২০২৭ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।

তাহলে কি টেলিভিশনে নতুন ভূমিকায় আসা তার ভবিষ্যৎ পরিকল্পনারই ইঙ্গিত? ওয়ানডে ক্রিকেট থেকেও কি বিদায়ের সময় ঘনিয়ে আসছে? আপাতত উত্তর নেই। তবে রোহিতকে ঘিরে নতুন জল্পনা শোনা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here