শর্ত সাপেক্ষে শুটার কলির বহিষ্কারাদেশ প্রত্যাহার

0
3

নানা সমালোচনা ও ঘটনার পর অবশেষে জাতীয় শুটার কামরুন নাহার কলির বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে শুটিং ফেডারেশন। বহিষ্কার প্রত্যাহার করলেও তার ওপর আরোপ করা হয়েছে একগাদা বিধি-নিষেধ। এসব নির্দেশনা অনুসরণের লিখিত অঙ্গীকার দিয়ে আবার শুটিং ক্যাম্পে ফিরতে হবে কলিকে। ফেডারেশন আরোপিত নির্দেশনা অমান্য করলে কোনো নোটিশ ছাড়াই সরাসরি পুনরায় বহিষ্কার করবে ফেডারেশন এমন প্রচ্ছন্ন হুমকিও রয়েছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস স্বাক্ষরিত বহিষ্কার প্রত্যাহার চিঠিতে কলির প্রতি মিডিয়া সংক্রান্ত নির্দেশনাই একাধিক। ফেডারেশনের অনুমতি ছাড়া মিডিয়ায় বক্তব্য দেয়া যাবে না। এমনকি ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেডারেশনের কোনো সিদ্ধান্ত কিংবা কোন খেলোয়াড়-কোচকে নিয়ে বিশেষভাবে কোনো পোস্ট দেয়া যাবে না। কোচের আচরণবিধির পাশাপাশি ক্যাম্পের আইনশৃঙ্খলা মেনে চলতে হবে।

কলিকে তিন মাস পর্যবেক্ষণ করবে ফেডারেশন। এই সময়ের মধ্যে কোনো ছোটখাটো শৃঙ্খলা ভঙ্গ হলেও স্থায়ী বহিষ্কারের কারণ হতে পারে। পর্যবেক্ষণ সময়ের পরেও যদি ফেডারেশনের উল্লেখিত শর্ত ভাঙলে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার পুনরায় কার্যকর হবে এমনটাই চিঠিতে রয়েছে।

জাতীয় শুটার কামরুন নাহার কলি শুটিং ক্যাম্পে মানসিক নীপড়নের মধ্যে ছিলেন। ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদ তার সঙ্গে অসদাচরণের অভিযোগ তোলেন মিডিয়ায় এবং জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেন। সেই অভিযোগের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি করে। সেই কমিটি সাজ্জাদের দোষ খুঁজে পেয়ে শুটিং থেকে নিষিদ্ধের সুপারিশ করে। জাতীয় ক্রীড়া পরিষদ সাজ্জাদকে শুটিং ফেডারেশনের পদ থেকে সরিয়ে দেয়। এনএসসির এই সিদ্ধান্তের সাথেই কলিকে বহিষ্কার করে ফেডারেশন।

কলির অভিযোগে সত্যতা পেয়েছে এনএসসি। এরপরও কলিকে বহিষ্কার ফেডারেশনের প্রতিহিংসামূলক আচরণ। এ নিয়ে ক্রীড়াঙ্গনে অনেক সমালোচনা হয়েছে। অলিম্পিক অ্যাসোসিয়েশনের বৃত্তির আওতায় থাকায় কলির শাস্তি নিয়ে তারাও ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসেছিল। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও কলির বিষয়ে অবগত। শুটিং ফেডারেশনের আজকের চিঠিতে গতকাল জরুরি সভায় কলির শাস্তি প্রত্যাহার সিদ্ধান্তের পেছনে তার আবেদন ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সুপারিশের বিষয় উল্লেখ রয়েছে। ক্রীড়াঙ্গনের অভিভাবক ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফেডারেশনের চিঠিতে এভাবে উপস্থাপন খানিকটা নজিরবিহীনই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here