প্রথমেই বাজিমাতের অপেক্ষায় কিউইরা

0
5

ওয়ানডের থেকে নিউজিল্যান্ডের টি২০ দলটি আরও অনভিজ্ঞ। এই দলে চারজন ক্রিকেটার আছেন, যাদের টি২০ ক্রিকেটে অভিষেক হয়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা কম-বেশি সবারই আছে। সঙ্গে আছে ঘরোয়া ক্রিকেটের লম্বা ক্যারিয়ারের অভিজ্ঞতা। অধিনায়ক টম ল্যাথাম দলের এই আবেগ কাজে লাগিয়ে ভালো করার স্বপ্ন দেখছেন। তিনি নিজেদের অনভিজ্ঞ মনে করেন না।

গতকাল রোববার চট্টগ্রামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বলেন, ‘আমাদের কারও কারও অভিজ্ঞতা (আন্তর্জাতিক ক্রিকেটে) কম থাকলেও তারা ঘরোয়া ক্রিকেটে খেলছে। কয়েকজন আছে, যারা বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে; যেখানে ভালো প্রতিপক্ষ ও আন্তর্জাতিক মানের ক্রিকেটার থাকে।’

ল্যাথামের টি২০ ক্যারিয়ার ২৯ ম্যাচের। বিকল্প দলের অধিনায়ক ছিলেন ১৩ ম্যাচে। ২০ ওভারের ক্রিকেটে কম সুযোগ পেলেও কিউই অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ। এই দলে সবচেয়ে বেশি ১৪০টি টি২০ ম্যাচ খেলা ক্রিকেটার ইশ সোদি রয়েছেন। একটা মিশেল দল নিয়ে টি২০ সিরিজ খেলবে কিউইরা। বাংলাদেশের মতো নিউজিল্যান্ডও ২০২৮ সালের বিশ্বকাপ মাথায় রেখে দল গোছাতে শুরু করেছে। বিশ্বকাপ-পরবর্তী দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজও খেলেছে তারা। ৩-২ ব্যবধানে সিরিজটি হেরে যাওয়ায় র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে নেমে গেছে বিশ্বকাপের ফাইনালিস্টরা।

ওই সিরিজে খেলা অধিকাংশ ক্রিকেট এই সিরিজে না থাকলেও বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী ল্যাথাম, ‘একজনের একটি ভালো দিনই টি২০ ম্যাচে যথেষ্ট। কয়েক ওভারের মধ্যেই খেলাটা ঘুরে যেতে পারে। যত লম্বা সংস্করণের খেলা হয়, তত বেশি সময় লাগে খেলা ঘুরতে। টি২০ ম্যাচে হয়তো এক ওভার, এমনকি কয়েকটা বলেও তা হতে পারে। ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে সবকিছু।’

নিউজিল্যান্ড অধিনায়কের মতে, দুই দলের জন্যই রোমাঞ্চকর একটি সিরিজ অপেক্ষা করছে। তাঁর দাবি দুই দলের ক্রিকেটারই বেশি টি২০ ম্যাচ খেলেননি। অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটারও আছে বাংলাদেশ দলে। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার অপেক্ষায় সফরকারীরা। তিনি জানান, স্বাগতিক ক্রিকেটারদের নিয়ে ভালোই পড়াশোনা করা হয়েছে।

ল্যাথাম বলেন, ‘আমরা কয়েকজনের ফুটেজ দেখেছি। জানি যে, এমন কিছু ক্রিকেটার থাকতে পারে, যারা এই সংস্করণে এখনও খেলেনি। যাদের সম্পর্কে খুব বেশি তথ্য থাকে না, তখন যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়।’ চট্টগ্রামে ওয়ানডে খেলার অভিজ্ঞতা থেকে টি২০ ম্যাচে মানিয়ে নিতে চায় নিউজিল্যান্ড। ওয়ানডের থেকেও ভালো উইকেটে টি২০ ম্যাচ খেলা হবে বলে আশা তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here