১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

0
3

কয়েকদিন আগে স্পেনের দ্বিতীয় বিভাগে মুখোমুখি হয়েছিল রিয়াল জারাগোজা ও হুয়েস্কা। আরাগোনেস ডার্বিতে দুই দলের লড়াইয়ের শেষ দিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। জারাগোজার আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদাকে লাল কার্ড দেখানোর পর তিনি ক্ষোভ ঝাড়েন প্রতিপক্ষ হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদোর ওপর। লাল কার্ড ও প্রতিপক্ষকে ঘুষি মারায় ১৩ ম্যাচ নিষিদ্ধের মতো বড় শাস্তির মুখে পড়েছেন।

গত রোববার জারাগোজা-হুয়েস্কা ম্যাচে ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তের খেলা চলছিল। টাচলাইনের দিকে আন্দ্রাদাকে কিছু একটা বলতে এসেছিলেন পুলিদো। জবাব দিতে গিয়ে জারাগোজা গোলরক্ষক তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। যে কারণে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে আবারও মেজাজ হারান আন্দ্রাদা। দৌড়ে গিয়ে পুলিদোকে এবার সজোরে ঘুষি মারেন।

যাকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মাঝে পড়ে যান আন্দ্রাদা। সুযোগ বুঝে তার মাথার পেছনে ঘুষি মারেন হুয়েস্কা গোলরক্ষক দানি জিমেনেজও। তাকেও লাল কার্ড দেখান রেফারি। জারাগোজার দানি তাসেন্দেও মার্চিং অর্ডার পান। হুয়েস্কা ম্যাচটি জিতেছে ১-০ গোলে। দুই দলই দ্বিতীয় বিভাগের পয়েন্ট টেবিলের তলানিতে। রেলিগেশন থেকে বাঁচার লড়াইয়ে নেমে তারা এমন ঘটনার জন্ম দিলো।

আন্দ্রাদা লাল কার্ডের জন্য এক ম্যাচ এবং প্রতিপক্ষ ফুটবলারকে ঘুষি মারায় ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। এ প্রসঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘পুলিদোর দিকে আন্দ্রাদার তেড়ে যাওয়া ও লাফানো তার হিংস্র ও আগ্রাসী আচরণের বহিঃপ্রকাশ। যে কারণে তাকে বহিষ্কার করার পর আবারও গিয়ে সজোরে ঘুষি মেরে বসেন। এই অবস্থায় তাকে দেওয়া ১২ ম্যাচের নিষেধাজ্ঞা সমর্থনযোগ্য বিষয়।’ আন্দ্রাদা এবং জারাগোজা ক্লাবকে আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে।

এর আগে ম্যাচ শেষেই নিজের কৃতকর্মের জন্য অনুশোচনার কথা জানান আন্দ্রাদা, ‘যা ঘটেছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটা ক্লাব–ভক্ত, বিশেষ করে আমার মতো পেশাদারের জন্য বাজে দৃষ্টান্ত। তাই আমি খুব দুঃখিত। আমার ক্যারিয়ারে এর আগে কেবল একবার লাল কার্ড দেখেছি। সেটা ছিল বক্সের বাইরে হ্যান্ডবলের কারণে। এটা ছিল জটিল একটা মুহূর্ত, আমি আমার মনোযোগ হারিয়ে এমন প্রতিক্রিয়া দেখালাম। আমি খুব দুঃখ প্রকাশ করছি। আর কখনও এরকম করব না কারণ আমি জানি আমি অনেকের পরিচিত মুখ, বহু বছর ধরে পেশাদার একজন ফুটবলার। আর জর্জ পুলিদোর কাছেও ক্ষমা চাই, কারণ আমরা সহকর্মী।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here