তারকাবহুল শক্তিশালী ফুটবল দল ফ্রান্সের। গতবারের রানারআপরা আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপেও অন্যতম ফেভারিট তকমা নিয়ে খেলতে নামবে। সে হিসেবে নতুন করে ফরাসি স্কোয়াডে জায়গা পাওয়াটা বেশ কঠিন। বিশেষ করে সেটি যদি হয় আক্রমণভাগ তাহলে অপেক্ষার প্রহর আরও লম্বা হতে পারে। তাই তো ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলে খেলা ফরোয়ার্ড অ্যাঙ্গে-ইয়োন বনি বিশ্বকাপ খেলার স্বপ্ন বুনছেন আইভরি কোস্টের হয়ে।
আফ্রিকান দেশটিতে পারিবারিক শেকড় রয়েছে ইন্টার মিলানের এই ২২ বছর বয়সী ফরোয়ার্ডের। আইভরি কোস্টও বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে মূল প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে। ফলে বিশ্বকাপ খেলার দ্বিতীয় সুযোগ হিসেবে আইভরি কোস্টের জার্সি গায়ে জড়ানোর লক্ষ্যে ফিফার অনুমোদনের অপেক্ষায় ছিলেন অ্যাঙ্গে-ইয়োন বনি। গতকাল সেটি নিশ্চিত হওয়ায় ফ্রান্স ফুটবল ফেডারেশনের ছাড়পত্র পেতে আর বেগ পেতে হবে না বনির।
ফিফা তরুণ ফরোয়ার্ড বনিকে বিশ্বকাপ খেলতে জাতীয়তা পরিবর্তনের যোগ্য বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, যেখানে ফরাসি ফুটবল ফেডারেশনের অনুমোদন প্রয়োজন ছিল। ইন্টার মিলানের হয়ে খেলা তরুণ এই ফুটবলার প্যারিসের উত্তরাঞ্চলীয় শহরতলির বাসিন্দা এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের খেলেছেন। এবার আইভরি কোস্টের ২৬ সদস্যের স্কোয়াডে যুক্ত হলেই স্বপ্ন পূরণের আরও কাছাকাছি থাকবেন বনি।
১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর বসবে। যেখানে আইভরি কোস্ট ‘ই’ গ্রুপে জার্মানি, ইকুয়েডর ও কুরাসাওয়ের সঙ্গে লড়বে। ২০২৩ সালের আফ্রিকা চ্যাম্পিয়ন দেশটির দুটি ম্যাচ ফিলাডেলফিয়া এবং আরেকটি হবে কানাডার টরন্টোর। পারমা ছেড়ে ইন্টার মিলানে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে এখন পর্যন্ত ৭টি গোল করেছেন বনি।
চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের হয়ে ১০ ম্যাচের সবকটিই খেলেছেন ২২ বছরের এই ফরোয়ার্ড। যদিও শুরুর একাদশে ছিলেন দুই ম্যাচে। গোল না পেলেও করেছেন ৩টি অ্যাসিস্ট।





