চ্যাম্পিয়ন্স লিগে ফিরল অ্যাস্টন ভিলা

0
4

লিভারপুল হয়তো খুব দ্রুতই এবারের মৌসুমটা শেষ করতে চাচ্ছে! পারফরম্যান্স কিংবা ভাগ্য কোনোটিই যে সহায় হচ্ছে না তাদের। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ১৯ ম্যাচে হেরেছে অলরেডরা। সর্বশেষ হারে তো তাদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসরে খেলা অনিশ্চয়তায় পড়েছে। বিপরীতে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা।

এই ম্যাচের আগে থেকেই ভিলা ৩০ বছরে প্রথম কোনো মেজর ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। উয়েফা ইউরোপা লিগের ফাইনালে আগামী বুধবার তারা লড়বে জার্মান ক্লাব ফ্রেইবুর্গের সঙ্গে। সেই ম্যাচের আগে লিভারপুলকে হারিয়ে প্রিমিয়ার লিগে এবার শীর্ষ পাঁচে থাকা নিশ্চিত করল উনাই এমেরির দল। তার কণ্ঠেও তাই প্রিমিয়ার লিগ শেষের আগে চ্যাম্পিয়ন্স লিগে ফেরা নিয়ে তৃপ্তি এবং আসন্ন ইউরোপা লিগ ফাইনাল উপভোগ করার মন্ত্র শোনা গেল।

ঘরের মাঠ ভিলা পার্কে অ্যাস্টন ভিলা বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও, বাকি সবদিক থেকে প্রায় সমান তালে লড়েছে। মরগান রজার্সের গোলে তারা প্রথম লিড নেয় ৪২ মিনিটে। বিরতির পর ফিরে ভার্জিল ফন ডাইকের গোলে ৫২ মিনিটে সমতায় ফেরে অলরেডরা। কিন্তু গতবারের চ্যাম্পিয়ন লিভারপুলের সেই স্বস্তির সময় কাটতে সময় লাগেনি। মিনিট পাঁচেক পর ভিলাকে ফের এগিয়ে দেন ওলি ওয়াটকিন্স। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার দিকে যখন সবার নজর, তখন এই ইংলিশ তারকা ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-১ করেন।

লিভারপুল ম্যাচে ফেরার সুযোগ খুঁজছিল। কিন্তু তাদের হতাশ করে ৮৯ মিনিটে জন ম্যাকগিন গোল করলে ভিলা এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। ইনজুরি সময়ে ফন ডাইক নিজের দ্বিতীয় গোল করলেও তা কেবল লিভারপুলের পক্ষে ব্যবধানই কমিয়েছে। তাদের মাঠ ছাড়তে হয় ৪-২ ব্যবধানে হার এবং পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগ খেলার শঙ্কা জিইয়ে রেখে। আর্নে স্লট দায়িত্ব নেওয়ার পর দুই মৌসুমে প্রথমবার চার গোল হজম করল লিভারপুল। সবমিলিয়ে প্রিমিয়ার লিগ মৌসুমে তাদের সর্বোচ্চ ৫১ গোল হজম করতে হয়েছে।

৩৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের চারে রয়েছে অ্যাস্টন ভিলা। অবশিষ্ট ম্যাচে হারলেও তাদের অবস্থান পাঁচের বাইরে যাবে না। অন্যদিকে, লিভারপুল ৩ পয়েন্ট পিছিয়ে থেকে পাঁচে অবস্থান করছে। সেই অবস্থান ধরে রাখা নিয়ে রয়েছে শঙ্কা। শেষ ম্যাচে ২৪ মে লিভারপুলের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড, যারা বর্তমানে পয়েন্ট টেবিলে অষ্টম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here