মশা মারতে ফ্লোরিডা যাত্রা বনাম ডোবা পাড়ের ‘পিএইচডি’!

0
1
মশা মারতে কামান দাগার গল্প পুরোনো, কিন্তু মশা মারা শিখতে সরকারি খরচে ফ্লোরিডা যাওয়ার খায়েশ সত্যিই অবিশ্বাস্য! সোশ্যাল মিডিয়ায় দেখলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের চার সঙ্গীসহ আমেরিকা যাওয়ার সেই ‘ঐতিহাসিক’ প্রস্তাব সরাসরি নাকচ করেছেন প্রধানমন্ত্রী। শুধু নাকচই করেননি, এক্কেবারে খাঁটি দেশি দাওয়াই বাতলে দিয়ে বলেছেন- “সন্ধ্যার পর পুকুর বা ডোবার পাড়ে বসলেই মশা মারার কৌশল শেখা যাবে।”
প্রশিক্ষণের নামে রাষ্ট্রীয় অর্থ অপচয় আর আমলাতান্ত্রিক বিলাসিতার যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলে আসছিল, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শুরুতেই সেখানে শক্ত লাগাম টেনে ধরেছেন। জনগণের ট্যাক্সের টাকার অপচয় রোধে তার এই তাৎক্ষণিক ও দূরদর্শী পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। এই ঘটনার পর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা, ফ্লোরিডায় মশা মারার এমন কী বিশেষ জাদু আছে যার জন্য সেখানে দৌড়াতে হবে?
ফ্লোরিডার আসল ‘মশা বিদ্যা’ (IMM) মূলত বিজ্ঞান ও ডাটার ওপর নির্ভরশীল:
সার্ভিল্যান্স: ল্যাবে নিয়মিত পরীক্ষা করা কোন এলাকায় কী জাতের মশা বা ভাইরাস আছে।
লার্ভিসাইডিং: মশা ডানা মেলার আগেই ড্রোন বা আধুনিক প্রযুক্তিতে লার্ভা ধ্বংস করা।
আইন ও সচেতনতা: ড্রেনেজ পরিষ্কার রাখা এবং পানি জমিয়ে রাখলে নাগরিকদের ওপর কঠোর জরিমানা।
অর্থাৎ, আসল রহস্যটা কোনো গোপন সূত্রে নয়, বরং পরিশ্রম আর প্রযুক্তির সঠিক ব্যবহারে। ল্যাপটপের সামনে বসে অনলাইন কোর্স করলেই যা শেখা সম্ভব, সেটার জন্য ফ্লোরিডা ভ্রমণের খায়েশ থাকলে প্রধানমন্ত্রীর এমন বাস্তবসম্মত দাওয়াই তো আসবেই!
যাই হোক, প্রধানমন্ত্রীর এই পরামর্শকে সম্মান জানিয়ে আমার এলাকা ঢাকা দক্ষিণ সিটির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক আবদুস সালাম ভাই সায়েদাবাদ সংলগ্ন সুতি খালপাড়ে “সন্ধ্যাকালীন অবস্থান কর্মসূচি” শুরু করতে পারেন। আর ধানমন্ডি লেকের পাশে বসবেন বললে আমার পক্ষ থেকে লেক্সাস বিস্কুট আর গ্রিন টি-এর উন্মুক্ত দাওয়াত রইলো! মশার কামড় খেতে খেতে লেক্সাস বিস্কুটের স্বাদ মন্দ হবে না!
আপনার কী মনে হয়? মশা মারার ট্রেইনিং কোন এলাকায় ভালো জমবে?
লেখক: আনিস আলমগীর, সাংবাদিক ও রাষ্ট্রচিন্তক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here