পাকিস্তানে জোড়া বোমা হামলা, নিহত ৭

0
3

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার উজির সাব-ডিভিশনের একটি পাহাড়ি সড়কে জোড়া বোমা হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত সাতজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বান্নুর জেলা পুলিশ অফিসার (ডিপিও) ইয়াসির আফ্রিদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি বিস্ফোরণে মোট সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ফাং মুসা খেল এলাকায় দুটি যানবাহনকে লক্ষ্য করে ‘রিমোট-কন্ট্রোল’ বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ হিসেবে অভিহিত করেছে পুলিশ।

বিবৃতিতে বলা হয়েছে, প্রথমে একটি ব্যক্তিগত গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণ ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম গাড়িটি বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটেছে। এতে আরও দুজন নিহত হয়েছেন। বিস্ফোরণে দুটি গাড়িই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ডন জানিয়েছে, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে। আরও বিস্ফোরক ডিভাইস থাকার আশঙ্কায় কর্তৃপক্ষ পুরো এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বোমা হামলার ঘটনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বেসামরিক লোকজনের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সূত্র: ডন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here