কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে দুই দলের প্রস্তুতির পথটা এক নয়। কানাডার ভ্যাঙ্কুভারে শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র করে সুইজারল্যান্ড। অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের দেখা না মেলায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জয় নিশ্চিত করে শেষ আটের টিকিট কাটে সুইসরা।
অতিরিক্ত সময় খেলার কারণে শারীরিকভাবে বাড়তি চাপ তো ছিলই, এর সঙ্গে যোগ হয়েছে দীর্ঘ ভ্রমণ। ভ্যাঙ্কুভার থেকে কোয়ার্টার ফাইনালের ভেন্যু কানসাস সিটিতে পৌঁছাতে সুইজারল্যান্ডকে প্রায় পাঁচ ঘণ্টার বিমানযাত্রা করতে হয়েছে।
অন্যদিকে আর্জেন্টিনার যাত্রাটা ছিল অনেক সহজ। আটলান্টায় মিশরকে হারানোর পর মাত্র দুই ঘণ্টার ভ্রমণেই কানসাস সিটিতে পৌঁছে যায় স্কালোনির দল। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টার মধ্যেই তারা নিজেদের অনুশীলন ক্যাম্পে পৌঁছে যায়। বিপরীতে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা পর্যন্ত মাঠের লড়াইয়ে ব্যস্ত ছিল সুইজারল্যান্ড। এরপরই তাদের রওনা হতে হয়েছে কানসাসের উদ্দেশে।
কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। দুই দলই প্রায় সাড়ে তিন দিনের বিশ্রাম পেলেও অতিরিক্ত সময় খেলা এবং দীর্ঘ বিমানযাত্রার কারণে শারীরিকভাবে কিছুটা পিছিয়ে থেকেই ম্যাচে নামবে সুইসরা।
তবে অতিরিক্ত সময় খেলার অভিজ্ঞতা আর্জেন্টিনার জন্যও নতুন নয়। মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে নির্ধারিত সময়ের পর আরও ৩০ মিনিট খেলতে হয়েছিল স্কালোনির দলকে। প্রচণ্ড গরমের সেই ম্যাচে জয় পেতে তাদেরও বাড়তি পরিশ্রম করতে হয়েছে।





