যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংকে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। সোমবার রাতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, নতুন সরকার গঠনের অংশ হিসেবে গভীর রাত পর্যন্ত মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ প্রক্রিয়া চলেছে।
ওয়েস স্ট্রিটিং গত মে মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সে সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আস্থা হারানোর কথা জানিয়েছিলেন। পরে লেবার পার্টির নেতৃত্বের জন্য অ্যান্ডি বার্নহ্যামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ান।
নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্ট্রিটিং লিখেছেন, দেশকে নিরাপদ রাখা সরকারের প্রথম দায়িত্ব। তিনি বলেন, সরকার সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় সক্ষমতা নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক মিত্রদের, বিশেষ করে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
৪৩ বছর বয়সী স্ট্রিটিং শ্রমজীবী পরিবার থেকে উঠে এসেছেন। লেবার পার্টির মধ্য-ডানপন্থি ধারার একজন প্রভাবশালী নেতা হিসেবে তিনি পরিচিত। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সময় টেলিভিশন ও রেডিও বিতর্কে অংশ নিয়ে জাতীয়ভাবে পরিচিতি পান। পরে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দায়িত্বে থাকাকালে তার রাজনৈতিক গুরুত্ব আরও বাড়ে।
স্ট্রিটিং সাবেক প্রতিরক্ষামন্ত্রী জন হিলির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় হিলিকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
গত মাসে প্রতিরক্ষা বাজেট নিয়ে সরকারের সমালোচনা করে প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন জন হিলি। পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির সময়ে দেশের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকার ব্যর্থ হয়েছে।





