রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) চীনের একটি যুদ্ধজাহাজ গোলাবর্ষণ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা এএফপি জানায়, জাপানের ইইজেডের ভেতরে চীনের সরাসরি গোলাবর্ষণ মহড়ার ঘটনা এবারই প্রথম প্রকাশ্যে জানাল টোকিও।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনোটোরি দ্বীপ থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চীনের লুয়াং-৩ শ্রেণির একটি ক্ষেপণাস্ত্রবিধ্বংসী যুদ্ধজাহাজ এ মহড়া চালায়।
এর আগে রোববার ভোরে ওই দ্বীপ থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চারটি জাহাজের একটি বহর শনাক্ত করা হয়। বহরটিতে তিনটি চীনা যুদ্ধজাহাজ এবং একটি রুশ নৌবাহিনীর ফ্রিগেট ছিল। জাহাজগুলো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, চীনের গোলাবর্ষণ মহড়ার সময় রুশ ফ্রিগেটটিও কাছাকাছি অবস্থান করছিল।
ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণ ও নজরদারি জোরদার করতে ওই এলাকায় একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার মোতায়েন করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।





