মার্কিন ভিসায় আসছে নতুন নিয়ম

0
3

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে এইচ-১বি ভিসাধারীরা চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ ৬০ দিন সময় পান। তবে প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে কর্মীরা এই সুযোগ হারাতে পারেন।রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এই বিধানটি বাতিল করার বিষয়টি বিবেচনা করছে। প্রস্তাবটি বর্তমানে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের (ওএমবি) পর্যালোচনাধীন রয়েছে। ফলে এটি এখনও চূড়ান্ত নিয়মে পরিণত হয়নি। এ ছাড়া প্রস্তাবটির বিস্তারিত তথ্যও এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপের ফলে ক্ষতিগ্রস্ত কর্মী ও তাদের নির্ভরশীলদের প্রায় সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে। নতুন এই বিধানটি চূড়ান্ত হলে নির্দিষ্ট কিছু কর্মী এবং তাদের নির্ভরশীলদের জন্য বিদ্যমান ৬০ দিনের ছাড়ের সময়সীমা বাতিল হয়ে যাবে।

এনডিটিভি জানিয়েছে, এই পরিবর্তনটি যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে। ভারতীয় নাগরিকরা দীর্ঘদিন ধরে এইচ-১বি দক্ষ কর্মী কর্মসূচির আওতায় বড় সুবিধা পেয়ে আসছেন।

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) তথ্য বলছে, ২০২৪ অর্থবছরে অনুমোদিত এইচ-১বি আবেদনগুলোর ৭১ শতাংশই ছিল ভারতে জন্মগ্রহণকারী সুবিধাভোগীদের জন্য। দেশটিতে বর্তমানে ৫২ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বাস করেন।

যুক্তরাষ্ট্রে বর্তমান নিয়মটি ২০১৭ সালে চালু করা হয়েছিল। এর আওতায় চাকরি হারানো উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীরা নতুন চাকরি খোঁজার জন্য অতিরিক্ত সময় পেতেন।

নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু কর্মী চাকরি হারানোর পর একটানা সর্বোচ্চ ৬০ দিন অথবা তাদের অনুমোদিত ভিসার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। এ ক্ষেত্রে যেটি আগে ঘটবে, সেই অনুযায়ী নিয়মটি কার্যকর হবে।

এই বিধানটি ই-১, ই-২, ই-৩, এইচ-১বি, এইচ-১বি১, এল-১, ও-১ এবং টিএন-এর মতো বিভিন্ন ভিসা বিভাগের কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাদের নির্ভরশীলরাও একই ধরনের সুবিধা পান।

সূত্র : এনডিটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here