রদ্রিকে ঘিরে ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার টানাপোড়েনে যেন একটু একটু করে বরফ গলছে। স্প্যানিশ মিডফিল্ডারকে পেতে দ্বিতীয় দফায় প্রস্তাব দিয়েছে বার্সা। অন্যদিকে সিটিও আগের অবস্থান থেকে কিছুটা সরে আসতে প্রস্তুত।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-এর খবর, রদ্রিকে ছাড়ার বিষয়ে সিটির অবস্থানে পরিবর্তন এসেছে। এত দিন ৮০ মিলিয়ন ইউরোর নিচে নামতে রাজি ছিল না ইংলিশ ক্লাবটি। তবে বার্সেলোনা আরেকটু আর্থিকভাবে এগিয়ে এলে প্রায় ৭০ মিলিয়ন ইউরোতেই সমঝোতার পথ খুলতে পারে।
শুরুতে অবশ্য বার্সেলোনার প্রস্তাব ছিল সিটির চাহিদার চেয়ে অনেক কম। কাতালান ক্লাবটি ৪৫ মিলিয়ন ইউরো নির্দিষ্ট ট্রান্সফার ফির সঙ্গে আরও ১০ মিলিয়ন ইউরো বোনাস দেওয়ার প্রস্তাব দিয়েছিল। সেটি সিটির কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা ছিল না। প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়াও তাই অনেকটা অনুমিতই ছিল।
তবে বার্সেলোনা সেখানেই থামেনি। শুরু থেকেই ক্লাবটির পরিকল্পনা ছিল, আলোচনার গতি ধরে রাখতে দ্রুত নতুন প্রস্তাব দেওয়া। আলভারেজকে নিয়ে দীর্ঘ ও জটিল আলোচনার অভিজ্ঞতার পর এবার আর কোনো দলবদলকে অনিশ্চয়তার দীর্ঘ নাটকে পরিণত করতে চায় না তারা।
এরই মধ্যে দ্বিতীয় দফায় প্রস্তাব বাড়িয়েছে বার্সা। এবার প্রস্তাবের অঙ্ক প্রায় ৬০ মিলিয়ন ইউরো বলে জানা গেছে। তবে এর কতটা সরাসরি ট্রান্সফার ফি এবং কতটা বোনাস বা ভেরিয়েবল—সেটি নিয়ে এখনো সমঝোতা হয়নি।
বার্সেলোনার বিশ্বাস, ৬০ মিলিয়নের এই প্রস্তাব আলোচনাকে আরও এগিয়ে নেবে। তবে রদ্রিকে পেতে শেষ পর্যন্ত তাদের আরও কিছুটা আর্থিক ছাড় দিতে হতে পারে। সিটির চাওয়া যদি ৭০ মিলিয়ন ইউরোর আশপাশে এসে থামে, তাহলে দুই পক্ষের সমঝোতার জায়গাটিও পরিষ্কার হয়ে যাবে।
রদ্রিকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহের খবরও আগে সামনে এসেছিল। তবে সাম্প্রতিক আলোচনায় বার্সেলোনাই এখন তাকে পাওয়ার দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।





