বিলকিস রহমান দোলা: মানুষের মনোজগৎ নিয়ে একটু ঘাটাঘাটি করছি। এ ব্যাপারে আমার জ্ঞান খুবই সামান্য। পুঁথিগত বিদ্যাও যেমন কম, বাস্তব অভিজ্ঞতাও অল্প! তারপরও বলছি…
আপনি স্বভাবগত ভাবেই অন্যের উপকার করেন বা সাহায্য করতে পারলে যদি আনন্দ হয়, তারপরও ভেবে দেখবেন যার জন্য করছেন, সে সেটা নিতে উপযুক্ত কিনা! কেননা, আপনার এই করাটা সে ভাবতে পারে ‘আপনার নিশ্চয়ই কোন স্বার্থ আছে, তা না হলে আপনি আগ বাড়িয়ে কেন করছেন!’ অথবা ভাবতে পারে ‘আপনার নিশ্চয়ই কোন দুর্বলতা আছে’! আপনার বিনয় বা সম্মান করাকেও আপনার দুর্বলতা ভাবতে পারে! ভেবে চিন্তে কারো উপকার করুন। ‘বিনয়’ প্রকাশ করার আগেও একটু ভাবুন।
আর যদি আমার মতো ভাবনা নিয়ে চলেন যে কে কি ভাবলো, তাতে আমার কি! আমি আমার মতো চলবো। তাহলে অন্তত নিজের কাছে পরিস্কার থাকা যায়।অবশ্য তাতে কখনো কখনো পস্তাতে হতে পারে সেই মানষিক প্রস্তুতি রাখুন।
একতরফা কারো কথা শুনে বিশ্বাস করবেন না। তাতে যার বিরুদ্ধে শুনছেন তাঁর প্রতি অন্যায় করা হয়। তাঁরও হয়তো কোন ব্যাখ্যা আছে, কেন তিনি ঐ কাজটা করেছেন।তাই কারো সম্পর্কে সিদ্ধান্ত নেবার আগে তাঁর কথাও শুনুন।
কেউ যদি অন্যের সম্পর্কে আপনার কাছে বদনাম করে, মনে রাখবেন আপনার সম্পর্কেও অন্যের কাছে বাজে কথা বলে! তার সাথে বুঝেশুনে সম্পর্ক করবেন।
‘বন্ধু’ জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কখনো কখনো বাবা মার থেকেও গুরুত্বপূর্ণ! ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধু জীবনটা সত্যিই সুন্দর আনন্দময় করে দিতে পারে। খারাপ বন্ধু জীবনটা ধ্বংস করে দিতে পারে। বন্ধু নির্বাচনে সতর্ক হোন। তাহলে আর চিন্তা ভাবনা করে কথা বলতে হবে না! অনেক বন্ধুর দরকার হবেনা। একজন ভালো বন্ধুই যথেষ্ট! নিশ্চিন্তে চলা যায়……