মাদারীপুর প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত পাকিস্তানীদের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধের সময় এদেশের নিরীহ মানুষ হত্যা করেছিল।তারা দেশের বিপক্ষে অবস্থান নিয়ে মুক্তিকামি মানুষের ওপর জুলুম করেছে।
এখন মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি বড় বড় কথা বলছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র ৩ বছর ৭ মাস ক্ষমতায় থাকার পর তাকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে।অথচ,সেই হত্যাকারীদের নিয়ে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছিলেন।
শুক্রবার দুপুরে মাদারীপুর শিল্পকলা একাডেমীতে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি এ কথা বলেন।
তিনি আরো বলেন,ওনার (জিয়াউর রহমানের) স্ত্রীও জামাতিদের সাথে সখ্যতা গড়ে তুলে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল।ক্ষমতায় এসে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের গাড়িতে এদেশের লাল সবুজের পতাকা তুলে দিয়েছিল,মন্ত্রী বানিয়েছিল।
নৌমন্ত্রী বলেন,জিয়াউর রহমান এদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চক্রান্ত করেছিলেন।তিনি স্বাধীনতা বিরোধীদের নিয়ে দল গঠন করেছিলেন।পাকিস্তানী প্রেতাত্মাদের নিয়ে যারা দল করেছিল সকলের উচিৎ তাদের প্রত্যাখান করা।
এ সময় নৌ মন্ত্রী আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালকদের সচেতন হলে চলবে না,চালকের পাশাপাশি যাত্রী ও পথচারীকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন। কোন দুর্ঘটনা ঘটলে কেবলমাত্র চালকদের দোষী বলা ঠিক নয়। দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রীদেরও খামখেয়ালীপনা থাকে। কেউ কেউ রাস্তা পার হবার সময় মোবাইলে কথা বলেন, আবার কেউ কেউ জানালার বাহিরে হাত রেখে গাড়িতে যাতায়াত করেন। এ কারনেই অনেক দুর্ঘটনা ঘটে, এসব বিষয়ে সবকলে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ছগির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান,পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বজুলর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম ।
পরে মাদারীপুর সদরের আলহাজ¦ আমিনউদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেনকে সভাপতি ও কয়ারিয়া ঈদগাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালমিয়া জমাদারকে সাধারন সম্পাদক ও রাজৈর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখার ৫১ সদস্যদের কমিটি ঘোষণা দেন।