বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন গাজীপুরে বিএনপি দলীয় মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।
রোববার (৬মে) বিকেল সাড়ে ৫টার দিকে তার সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার পরপরই পুলিশ নোমানকে নিয়ে যায় বলে জানান তিনি।
টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি নেতা নোমানসহ অন্তত ১০-১২ জনকে আটক করা হয়েছে।
হাসান উদ্দিন সরকার দাবি করেন, আমার বাসায় সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পর আবদুল্লাহ আল নোমানসহ আট থেকে ১০জনকে আটক করেছে পুলিশ।
সাবেক মন্ত্রী নোমানের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসান উদ্দিন সরকারের সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার পর তার বাসার কাছে সাবেক টঙ্গি পৌর ভবনের সামনে থেকে পুলিশ আবদুল্লাহ আল নোমানকে আটক করে নিয়ে যায়।
স্থানীয় একাধিক নেতারা জানিয়েছেন, গাজীপুরে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে টঙ্গি গিয়েছিলেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
উচ্চ আদালত গাজীপুর সিটি নির্বাচন স্থগিত ঘোষণা দিলে তিনি তার বাসায় সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান জানান। সেখানেও নোমান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে সেখান থেকে নোমান বের হয়ে আসলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়।