কে. এম. রুবেল, ফরিদপুর : কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের সহযোগিতায় ৩০ রোগীর বিনামূল্যে লেন্স সংযোজনসহ চোখের ছানি অপারেশন করা হয়েছে। তাদের সবাইকে প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা দেয়া হয়েছে। ফলে এই ৩০ জন ফিরে পেল দৃষ্টিশক্তি।
শনিবার রাতে বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে এসকল রোগীর অস্ত্রপচার করা হয়েছে।প্রখ্যাত চক্ষু সার্জন প্রফেসর ডাঃ রাহাত আনোয়ার চৌধুরী ও তার টিম অস্ত্রপচার সম্পন্ন করেন। আজ রবিবার সকালে ডাঃ রাহাত উপস্থিত থেকে রোগীদের পর্যবেক্ষণ করে তাদের ছাড়পত্র প্রদান করেন। তিনি তাদের খোঁজ-খবর নেন এবং সবাইকে আশ্বস্ত করেন সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ডাঃ রাহাত এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এর সাথে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী- ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি সাজ্জাদ বাবু।
এর আগে ফরিদপুরের কামারখালী এলাকায় বিনামূল্যে চোখের চিকিৎসা পেয়েছেন ৫শ জন। কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে। গত ১ মে দিনব্যাপী এই সেবা প্রদান করা হয়। ঐদিন মধুখালী উপজেলার কামারখালী এলাকার একটি সরকারি প্রথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি, সাপ্তাহিক ‘এই সময়’ ও অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাটাইমস’ সম্পাদক আরিফুর রহমান দোলন । তিনি এতে পৃষ্ঠপোষকতা করছেন। তিনি কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
উল্লেখ্য, এ ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫০০ জন দুঃস্থ মানুষকে সম্পূর্ন বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে শতাধিক মানুষকে চশমা এবং প্রায় ৩০জন রোগীর ছানি অপারেশনের জন্য বাছাই করে তাদের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। এমন কি রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। ৫মে শনিবার বাছাইকৃত রোগীদের ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর(লঞ্চ ঘাট) এলাকায় অবস্থিত বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে অপারেশন করে তাদের নিজ নিজ ঠিকানায় পৌছে দেয়া হয়।