দীপাবলির দিন ৯৬ বছর বয়সে মারা গেছেন বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নানা চিকিৎসক রাম হিঙ্গোরানি। পরিবারের সদস্যরা যখন লক্ষ্মীপূজায় ব্যস্ত ছিলেন, তখনই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
নানার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান রণবীরের কাজিন সৌম্য হিঙ্গোরানি ঠাকরে। ইনস্টাগ্রামে কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করে তিনি আবেগঘন স্মৃতিচারণা করেন। সেখানে সৌম্য লেখেন, ‘৯৬ বছর বয়সেও তিনি ছিলেন প্রাণবন্ত। এটি শোকের নয়, বরং উদ্যাপনের মতো একটি গৌরবময় জীবন।’
নানাকে স্মরণ করে সৌম্য আরো লেখেন, ‘আমার দাদু, চিকিৎসক রাম, শান্তিতে চলে গেছেন। দীপাবলির দিন দাদির কাছে ফিরে যাওয়ার জন্য এর চেয়ে শুভ সময় আর কী হতে পারত! দিনের সবচেয়ে সুন্দর সময়ে, লক্ষ্মীপূজার সময় তিনি চলে গেলেন। পৃথিবীর সেরা দাদু হওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সবকিছু দেওয়ার জন্য ধন্যবাদ। আমার জন্য এক স্কুপ আইসক্রিম রেখে দিয়ো। আবার একদিন একসঙ্গে নাচব। হরি ওম।’
পোস্টে সৌম্য আরো জানান, তার বিশ্বাস, দাদা-দাদি একসঙ্গে বসে তাদের পরিবারের সদস্যদের দেখছেন। তাদের স্মৃতির প্রতি ভালোবাসাও প্রকাশ করেন তিনি।
নানার সঙ্গে রণবীর সিংয়ের সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। ২০২০ সালের আগস্টে নানার সঙ্গে একটি ছবি পোস্ট করে তাকে ‘নানা-জি’ বলে উল্লেখ করেছিলেন।
২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রচারের সময়ও নানার সঙ্গে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন রণবীর। একটি ভিডিওতে ‘হোয়াট ঝুমকা’ গানে নানার সঙ্গে নাচতে দেখা যায় তাকে। সে সময় ৯৩ বছর বয়সী নানার গায়ে ছিল ‘টিম রকি’ লেখা টি-শার্ট। মজার ছলে নানাকে বলতে শোনা যায়, ‘টিক্কি ছাড়ো, টেকিলা লাও।’
এ ছাড়া ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের সময়ও নানার ছবি শেয়ার করেছিলেন রণবীর। প্রচণ্ড গরমের মধ্যেও ৯৩ বছর বয়সে ভোট দিতে যাওয়ায় নানার প্রশংসা করেন তিনি। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, ‘বাইরে তাপমাত্রা ৯৩ ডিগ্রি, তার বয়সও ৯৩। তবু তিনি ভোট দিয়েছেন। তিনি একজন ভোটার। প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ।’
নানার মৃত্যুর পর এখন পর্যন্ত রণবীর সিং কিংবা তার স্ত্রী দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিনোদন · ১১ নভেম্বর ২০২৬ · অপরাহ্ণ ৫:০১ · প্রতিবেদক: Administrator
নানাকে হারালেন রণবীর সিং
