বিনোদন জগতে খুব একটা দেখা যায় না তাকে। তবে বিরল এক জনসমক্ষে উপস্থিতিতে নজর কাড়লেন ‘হ্যারি পটার’ তারকা এমা ওয়াটসন।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের ল্যাকমা আর্ট+ফিল্ম গালায় রুবি-লাল রঙের এক গাউন পরে হাজির হন এই অভিনেত্রী।

গত ৭ নভেম্বর অনুষ্ঠিত অনুষ্ঠানে অবশ্য রেড কার্পেটে পোজ দেননি এমা। পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোশাকের ছবি শেয়ার করেন তিনি। ফটোগ্রাফার রিচ স্ট্যাপলটনের তোলা ছবিতে গাউনটির বিস্তারিত দেখা যায়।

পোশাকটি ছিল কর্সেটের আদলে তৈরি, যাতে ছিল বিশেষ কারুকাজ ও কাঁধ খোলা নকশা। গাউনটি ডিজাইন করেছেন শিল্পী ক্যারোলিন জিম্বালিস্ট। এমার পোশাকের স্টাইলিং করেছেন জ্যারেড এলনার।

এমা জানান, জিম্বালিস্ট বায়োপলিমারভিত্তিক একটি উপাদান তৈরি করেন। সেটি গরম করে মেশানোর পর সরাসরি সিল্কের ওপর হাতে ঢেলে দেওয়া হয়। উপাদানটিকে নরম ও নমনীয় রাখতে ব্যবহার করা হয় উদ্ভিদ থেকে পাওয়া গ্লিসারিন।

পোশাকটির সঙ্গে পরিবেশ সচেতনতার বিষয়টিও তুলে ধরেছেন এমা। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘প্রকৃতি আমাদের অনুপ্রেরণার অন্যতম প্রধান উৎস।
’ পাশাপাশি তিনি উল্লেখ করেন, যেসব বন্য পরিবেশ আমাদের অনুপ্রাণিত করে, শেষ পর্যন্ত প্লাস্টিক বর্জ্য সেখানেই গিয়ে জমা হয়।

ডিজাইনার জিম্বালিস্টের ভাষায়, এই পোশাক ফ্যাশন, ভাস্কর্য ও পারফরম্যান্স আর্টের মাঝামাঝি এক সৃষ্টি। পোশাকটি তৈরিতে যুক্ত পুরো দলকেও ধন্যবাদ জানিয়েছেন এমা।

‘হ্যারি পটার’ সিরিজে হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান এমা ওয়াটসন। ২০১১ সালে সিরিজের শেষ সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস – পার্ট ২’ মুক্তি পায়। এরপর ২০১৯ সালে ‘লিটল উইমেন’ সিনেমায় মেগ মার্চ চরিত্রে অভিনয় করেন তিনি। এটিই তার সর্বশেষ উল্লেখযোগ্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়।

তবে অভিনয় থেকে অবসরের ঘোষণা দেননি এমা। ২০২৫ সালের সেপ্টেম্বরে জে শেঠির ‘অন পারপাস’ পডকাস্টে তিনি জানান, অভিনয় ছাড়ার কথা কখনোই বলেননি। বরং আবারও অভিনয়ে ফেরার আগ্রহ রয়েছে তার।