ব্রিটিশ রাজপরিবারের দুই পুত্রবধূ মেগান মার্কেল ও কেট মিডলটন। তাদের এক তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ভাঙন ধরেছে তাদের পরিবারে।
চলতি বছরের মে মাসে ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করেন। আর বিয়ের পর থেকেই খুব একটা ভালো সময় কাটছিল না বড় ভাই প্রিন্স উইলিয়ামসের স্ত্রী কেট মিডলটনের সঙ্গে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সর্বশেষ বিবাদের শুরু একটি তুচ্ছ ঘটনা কেন্দ্র করে। কেট মিডলটনের এক পরিচারিকার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন মার্কেল। তাতে ক্ষুব্ধ হন কেট।
পরে স্ত্রীর পক্ষ নিয়ে কথা বলেন প্রিন্স হ্যারি। অন্যদিকে কেটের পক্ষ নেন স্বামী উইলিয়াম। দুই বধূ থেকে ঝগড়া ছড়িয়ে পড়ে গোটা রাজপরিবারে। বর্তমানে বেশ তিক্ততা চলছে। ফলে আগামী বড়দিনের অনুষ্ঠান দুই ভাই একসঙ্গে কাটাবেন না বলে খবরে উল্লেখ করা হয়েছে।
খবরে বলা হয়, এবার বড়দিনে হ্যারি ও মেগান জুটি রাজপ্রাসাদে থাকছেন না। তারা রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে স্যান্ড্রিংহামে ছুটি কাটাবেন। আর কেট যাবেন তার বাবার বাড়ি বার্কশায়ারে।
স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে, বেশ কিছু বিষয় নিয়েই বিবাদ চলছিল কেট মিডলটন ও মেগানের মধ্যে। এর মধ্যে রয়েছে মেগানের লাইফস্টাইল। তার কিছু চালচলন ব্রিটিশ রাজপরিবারের রীতি পরিপন্থী হওয়ায় তার ওপর অসন্তুষ্ট কেট।
আর এ কারণেই ব্রিটিশ রাজপরিবারের রীতির সঙ্গে খাপখাইয়ে নিতে মেগানকে বেশ কিছু পরামর্শও দিয়েছিলেন কেট। কিন্তু এ পরামর্শগুলো ভালোভাবে নেননি মেগান।
আর এসব নিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, খুব শিগগির আলাদা হয়ে যাচ্ছেন দুই ভাই। প্রিন্স হ্যারি ও মেগান লন্ডনের বাইরে থাকার ব্যবস্থা করা হচ্ছে।





