ফের পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে কূটনৈতিক প্রথা না মানার অভিযোগ উঠল। এ বারে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে কূটনৈতিক প্রথা ভাঙার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা ‘এসসিও’ গোষ্ঠীর রাষ্ট্রগুলির শীর্ষ সম্মেলন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। কিরঘিজস্তানের রাজধানী বিশকেকে এ দিন সম্মেলনের উদ্বোধন ছিল। উদ্বোধনের সময় শেয়ার হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সমস্ত দেশের প্রতিনিধিরা যখন কূটনৈতিক প্রথা মেনে দাঁড়িয়ে রয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিশ্চিন্তে নিজের আসনে বসে রয়েছেন।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ইমরান খান হেঁটে সভাঘরে ঢুকলেন। তখন সবাই দাঁড়িয়ে রয়েছেন। ইমরান নিজের নির্দিষ্ট করা আসনের দিকে এগিয়ে গেলেন।
তারপর সেখানে বসে পড়লেন। তখনও সবাই দাঁড়িয়ে ছিলেন। ইমরান খানের এই কাণ্ড প্রটোকল ভাঙার শামিল। কয়েকদিন আগেও তিনি এমন একটা ঘটনা ঘটিয়েছিলেন। সৌদি আরবে ওআইসির শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি।









