গণপিটুনির বিরুদ্ধে হুঁশিয়ারি ঘোষণা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘পদ্মা সেতু নিয়ে সৃষ্ট গুজবে কান দিয়ে যারা গণপিটুনিতে নিরপরাধ মানুষ হত্যা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সোমবার (২২ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দেশবাসীকে উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। কোথাও কোনও অপরাধ সংগঠিত হলে অপরাধীকে পুলিশে দিতে হবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।’
সমিতির সভাপতি আইনজীবী সিতাংশু বিকাশ আচার্য্যর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক খান মুকুলের পরিচালনায় মতবিনিময়ে অংশ নেন সংসদ সদস্য অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩), সংরক্ষিত মহিলা আসনের হাবীবা রহমান খান শেফালী, জেলা ও দায়রা জজ আবু মো. আমিমুল এহসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহ্জাহান মিয়া প্রমুখ।









