নদীপথ শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, হুটহাট ছাঁটাই বন্ধ, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধসহ ১১দফা দাবিতে দেশব্যাপী নৌধর্মঘট চলছে। মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলছে।
বাংলাদেশ নৌশ্রমিক ফেডারেশন সংগঠনের বরিশালের সভাপতি হাশেম আলী জানান, এর আগে ১৫ এপ্রিল ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নৌধর্মঘট ডাকা হলে ৪৫ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তা বাস্তবায়ন করা হয়নি। তাই ফের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ধর্মঘট ডাকা হয়েছে।
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মালিকপক্ষ তাদের দাবি পূরণ না করায় ফের এ ধর্মঘট ডাকা হলো। এতে যাত্রীবাহী ও পণ্যবাহীসহ সকল নৌযান চলাচল বন্ধ থাকবে।
এদিকে নৌধর্মঘটের ফলে যাত্রীদের ব্যাপক ভোগান্তি লক্ষ্য করা গেছে বরিশাল নদী বন্দরে।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম জানান, গত ২০ জুলাই সভা করে ২৩ জুলাই রাত ১২টা থেকে সারাদেশে অবিরাম শ্রমিক ধর্মঘট করার সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরো বলেন, গত ১৫ এপ্রিল ১৫ দফা আদায়ে ধর্মঘট শুরু হয়েছিল। ধর্মঘটের প্রথম দিন শ্রমিক অধিদফতর, মালিক ও শ্রমিক পক্ষ ত্রিপক্ষীয় বৈঠক করে দাবিগুলো বাস্তবায়নে ৪৫ দিনের সময় নেয় নৌযান মালিকপক্ষ। সে সময় তাদের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্ত এ পর্যন্ত একটি দাবিও বাস্তবায়ন করেননি মালিকরা। তাই ফের ধর্মঘট ডাকা হয়েছে।









